খুনিরা শক্তিশালী, তদন্তকে প্রভাবিত করছে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর হত্যার ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সচেতন ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করা হয় l ছবি প্রথম আলো
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর হত্যার ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সচেতন ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করা হয় l ছবি প্রথম আলো

‘আমার ভাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই ঘটনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরা জানি, খুনিরা অনেক শক্তিশালী। তারা তদন্তকাজকে প্রভাবিত করছে। মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিংয়ের দায়িত্ব না নিলে খুনিরা পার পেয়ে যাবে।’ গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন আইনজীবী জুবাঈদা ছরওয়ার। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী ‘হত্যার’ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘সচেতন ছাত্রছাত্রী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জুবাঈদা ছরওয়ার নিহত দিয়াজের বড় বোন।

কর্মসূচিতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাবিহা মুছা, চট্টগ্রাম মহানগর পেশাজীবী সংগঠনের নেতা মনিরুল ইসলাম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য জাফর আলম চৌধুরী, ২ নম্বর জালালাবাদের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শওকত বাঙালি, আইনজীবী জাফর ইকবাল প্রমুখ।

গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আড়াই মাস ধরে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

গতকালের মানববন্ধনে জুবাঈদা ছরওয়ার অভিযোগ করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ কার নির্দেশে ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দিন ভোর পাঁচটায় মেডিকেল কলেজে উপস্থিত হন? তিনি কার বাসা থেকে ওই দিন ভোরে মিটিং করে বেরিয়ে আসেন? ময়নাতদন্ত প্রতিবেদনে যেসব চিকিৎসকদের স্বাক্ষর আছে, তাঁরা কেউ ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির সময় উপস্থিত ছিলেন না। মেডিকেল কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনের কললিস্ট দেখা হোক। তাহলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে।

অভিযোগ সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘অধ্যক্ষ হিসেবে আমি কারও বাসায় গিয়ে মিটিং করিনি। আর ময়নাতদন্ত প্রতিবেদন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৈরি করা হয়েছে। সেখানে আমার কোনো ভূমিকা ছিল না।’

মানববন্ধন কর্মসূচিতে অন্য বক্তারা বলেন, দিয়াজকে যে হত্যা করা হয়েছে তাঁর লাশ উদ্ধারের ছবিগুলো দেখালে যেকোনো মানুষ বুঝতে পারবে। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। না হয় খুনিরা দিয়াজের মতো আরও মেধাবী ছাত্রনেতার প্রাণ কেড়ে নেবে। দিয়াজ হত্যাকাণ্ডের বিচারের জন্য সবাইকে সোচ্চার হতে হবে।