খুনিরা শনাক্ত হয়নি, পরিবারের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুকী হত্যার এক বছর
ফারুকী হত্যার এক বছর

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার সুরাহা করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে।
ফারুকীর পরিবার মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তদন্তে পুলিশের আগ্রহ নেই। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
গত বছরের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েকজন যুবক নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন তাঁর ছেলে ফয়সাল ফারুকী। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের অভিযোগ, ধর্মীয় মতাদর্শের বিরোধীরাই ফারুকীকে হত্যা করেছে। তবে পুলিশের সন্দেহ, উগ্রপন্থী জঙ্গিরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে তারা কাউকে শনাক্ত করতে পারেনি। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মারুফ হাসানকে (নিহতের ভাগনে) ডিবির তদন্তকারী কর্মকর্তা কয়েক মাস আগে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ধরা পড়া দুজনের ছবি দেখিয়েছিলেন। কিন্তু তিনি তাদের শনাক্ত করতে পারেননি।
ফয়সাল ফারুকী প্রথম আলোকে বলেন, ধর্মীয় মতাদর্শের বিরোধীরা তাঁর বাবাকে খুন করেছে। এক বছরেও খুনিদের আটক করা তো দূরের কথা, তাদের শনাক্তই করতে পারল না ডিবি পুলিশ। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তদন্ত নিয়ে ডিবির আগ্রহ নেই। খুনিরা গ্রেপ্তার হবে এমন আশা তাঁরা ছেড়েই দিয়েছেন।
পরিবার জানায়, ফারুকী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি খুন হওয়ায় পরিবার আর্থিক কষ্টে ভুগছে। টাকার অভাবে ফয়সালের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে।
ফারুকী হত্যার কয়েক দিন পর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের ছয়জন উপস্থাপকের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। মামলার অভিযোগ, এঁদের মদদে হত্যাকাণ্ড ঘটেছে। ফারুকী বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নালিশি মামলাটি আদালত শেরেবাংলা নগর থানায় করা মূল এজাহারের সঙ্গে একত্রে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ডিবি ফারুকী হত্যা মামলার কিনারা করতে পারছে না। আদালতে যে ছয়জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে তদন্তে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ফারুকী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য খোরশেদ আলম ওরফে রুবেল (২৩), আহলে হাদিসের যুব সংগঠনের নেতা মোজাফ্ফর হোসেন ওরফে শাইখ মোজাফ্ফর বিন মোহসিনকে (৩৪) ও আরও একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকেও হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। মোহসিন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।