চলতি বছরের জানুয়ারি ও মার্চ মাসে ঝিনাইদহে ধর্মীয় ও গোষ্ঠীগত দুই সংখ্যালঘু হোমিও চিকিৎসক খুন হওয়ার পর খুনিরা শনাক্ত না হওয়ায় তাঁদের স্বজন ও অনুসারীরা হতাশা ও ক্ষোভ জানিয়েছেন। তাঁরা বলছেন, দুটি ঘটনাতেই সব মহলের সন্দেহ ধর্মীয় উগ্র গোষ্ঠীর প্রতি। কিন্তু পুলিশ সেটাকে বিবেচনায় নিচ্ছে না। তদন্তের ধীরগতি দেখে পুলিশের সদিচ্ছা নিয়েও তাঁরা সন্দিহান।
ঝিনাইদহে ধর্মীয় সংখ্যালঘু হত্যার প্রথম ঘটনাটি ঘটে গত ৭ জানুয়ারি। এদিন সদর উপজেলার কালুহাটি গ্রামের সমীর মণ্ডল ওরফে খাজাকে (৮০) বেলেখাল বাজারে তাঁর হোমিও চিকিৎসালয়ে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এ ধরনের অন্যান্য হত্যাকাণ্ডের মতো এ ঘটনায়ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) দায় স্বীকার করে। আইএসের দাবি, খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে সমীর মণ্ডলকে হত্যা করা হয়েছে। অবশ্য আইএসের দাবি নাকচ করে দিয়েছে এখানকার পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, দুই হোমিও চিকিৎসক হত্যা জঙ্গিসংশ্লিষ্টতার কোনো আলামত পাওয়া যায়নি। দুই মামলায় দুজনকে আটক করা হয়েছে।
সমীর মণ্ডলের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকার লোকজন বলছেন, সমীর বছর বিশেক আগে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হন। হোমিও চিকিৎসক হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল। বেলেখাল বাজারে তাঁর চিকিৎসালয়ে মাঝেমধ্যে স্থানীয় খ্রিষ্টান মিশনের পাদরিরাও আসতেন। সমীর মণ্ডলের পর গান্না ইউনিয়নের রঘুনাথপুর, দুর্গাপুর, বেতাই, কেষ্টপুরসহ কয়েকটি গ্রামের অনেকেই ধর্মান্তরিত হন। এ কারণে তাঁকে জঙ্গিরা নিশানা করেছে বলে এখানকার সবাই ধারণা করছেন।
সমীর মণ্ডলের ছোট ছেলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বাবা খুন হওয়ার দেড় মাসের মাথায় একবার পুলিশ তাঁকে কথা বলার জন্য ডেকেছিল। এরপর পুলিশ আর কোনো যোগাযোগ করেনি। তিনি বলেন, ‘পুলিশ চাইলেই এ ঘটনার সঙ্গে জড়িত লোকদের বের করতে পারে। কিন্তু তদন্ত যেভাবে চলছে, তাতে ভরসা করতে পারছি না।’
আরেক হোমিও চিকিৎসক আবদুর রাজ্জাক কালীগঞ্জের নিমতলা থেকে বাসায় ফেরার পথে খুন হন ১৪ মার্চ। তিনি ছিলেন ওই এলাকার শিয়া সম্প্রদায়ের একজন নেতা। তাঁর হত্যার ঘটনায়ও আইএস দায় স্বীকার করে। তাঁর অনুসারীরা জানান, নিহত আবদুর রাজ্জাক বছর দশেক আগে শিয়া মতাদর্শ গ্রহণ করেন। তিনি গত বছরের নভেম্বরে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের হামলায় নিহত মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের জানাজায়ও অংশ নেন। এরপর থেকে তিনি এ রকম হামলার আশঙ্কা করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কালীগঞ্জের শিয়া মতাদর্শের অনুসারী এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁদের পুরো সন্দেহ ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীর প্রতি। কিন্তু পুলিশের তদন্ত কোন দিকে যাচ্ছে, সেটা তাঁরা বুঝতে পারছেন না। এত দিনেও আবদুর রাজ্জাকের খুনিরা চিহ্নিত ও ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর ভাই সাবজাল খান। তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে এ ধরনের অনেক হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা হয়নি। আমাদের পরিবারের অনেকে পুলিশে চাকরি করেন। ভেবেছিলাম, আমরা অন্তত বিচার পাব। কিন্তু এখন পর্যন্ত কোনো আশা দেখতে পাচ্ছি না।’