বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যা হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে ভিক্ষু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বক্তারা বলেন, এসব খুনীর বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় না বারবার ঘটতে থাকবে।
সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। পারিবারিক কারণে তাঁর মৃত্যু হয়নি। তাঁর সঙ্গে পরিবারের কোনো সংযোগছিল না।
গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় তাঁর স্বজনেরা জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশকে মৌলবাদী ও সাম্প্রদায়িক দেশ বানানোর জন্য এসব হত্যাকাণ্ড হচ্ছে। এটি করছে একাত্তরের পরাজিত শক্তিরা।
রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার এই হত্যা নিয়ে বিতর্ক সৃষ্টি না করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার তাগিদ দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল তৈরি
করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এখনো নানাভাবে বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে, দেশত্যাগের
হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ ধরনের হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও। তিনি বলেন, ‘আমাদের দেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো হতে দিতে পারি না।’
বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বিপ্লব বড়ুয়া প্রমুখ।