খুনের অভিযোগে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত শুক্রবার রাতে নগরের পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ২৩ মে রাতে কাঞ্চন ঘোষ (৩২) নামে ওই যুবককে খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কাঞ্চন পাথরঘাটা গুর্খা ডাক্তার লেন এলাকার বাসিন্দা। গত ২৬ মে পুলিশ কর্ণফুলী থেকে তাঁর লাশ উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মহিউদ্দিন (২২), সোনা মিয়া (২০), তৌহিদুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (২৬), মোহাম্মদ হোসেন (২২) ও মো. মিজান (২০)। তাঁদের বাসা পাথরঘাটা ও চর পাথরঘাটা এলাকায়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘গ্রেপ্তার হওয়া সোনা মিয়ার একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পাথরঘাটায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ কাঞ্চন ও তাঁর চার বন্ধুকে ধরে নিয়ে কর্ণফুলীসংলগ্ন খালে একটি মাছধরার ট্রলারে নিয়ে যায়। সেখানে তাঁদের লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। পিটুনি খেয়ে চারজন পালিয়ে আসতে পারলেও কাঞ্চনকে প্রতিপক্ষের লোকজন নৌকাতে আটকে রেখে মারধর করে। পরে কাঞ্চন মারা গেলে তাঁর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।’ জানা গেছে, কাঞ্চন মারা যাওয়ার পর নৌকায় পিটুনির শিকার বন্ধুরাও গা-ডাকা দেন। লাশ শনাক্ত করার পর কাঞ্চনের মা আলো রানী ঘোষ গত ২৮ মে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।