খুনের আগে মাহমুদার পিছু নেওয়া সেই যুবক আটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার আগে রাস্তায় তাঁর পিছু নিয়েছিলেন এক যুবক। তাঁকে হত্যার পর পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়। ওই যুবক সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া তিনজনের একজন তিনি হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
আটক যুবকের নাম শাহজামান ওরফে রবিন (২৮)। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এর আগে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা যায়, মাহমুদা খানম তাঁর ছেলেকে নিয়ে ওআর নিজাম রোডের বাসা থেকে বের হয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছেন। একই সময় রাস্তার অপর প্রান্তে জিনস প্যান্ট ও চেক শার্ট পরা এক যুবককে মুঠোফোনে কথা বলতে দেখা যায়। তিনি রাস্তার ডিভাইডার অতিক্রম করে মাহমুদার পিছু নেন এবং ঘটনাস্থলের (রাস্তার যে অংশে খুনের ঘটনা ঘটে) দিকে এগিয়ে যান।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, ‘এখনো নিশ্চিত হওয়া যায়নি আটক যুবক ভিডিও ফুটেজের ওই যুবক কি না। কারণ ভিডিও ফুটেজটি অস্পষ্ট। আটক শাহজামানের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। চট্টগ্রামের যে এলাকায় তিনি থাকেন, সে এলাকার লোকজনও তাঁর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ভিডিও ফুটেজে দেখা গেছে, খুন হওয়ার আগে রাস্তার অপর প্রান্ত থেকে মুঠোফোনে কথা বলে এক যুবক ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কাল (রোববার) আদালতে তাঁর রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ কমিশনার বলেন, খুনে অংশ নেওয়া তিনজনের একজন ‘মূল আসামি’ হতে পারেন ওই যুবক। ধারণা করা হচ্ছে, ওই যুবক জঙ্গিদের মতাদর্শে বিশ্বাসী কিংবা ভাড়াটে। বিষয়টি এখনো স্পষ্ট নয়।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
এদিকে মাহমুদা খানমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা। জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ গতকাল এমন তথ্য দিয়েছে। একিউআইএসের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা জানায় বলে সাইটের খবরে উল্লেখ করা হয়। বলা হয়, ইসলামে এটি গর্হিত কাজ। সম্প্রতি গুপ্ত হত্যার বেশির ভাগ ঘটনায় দায় স্বীকার করেছে আইএস ও আল-কায়েদার কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম। এই প্রথম কোনো ঘটনার নিন্দা জানাল সংগঠনটি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সব বিষয়কেই বিবেচনায় নিচ্ছি।’
সন্দেহভাজন একজনকে আটকের বিষয়ে ছবিসহ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ‘এ রকম কোনো তথ্য পুলিশের কাছে নেই।’
ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলের তিন আরোহীর পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস চলে যেতে দেখা যায়। পরে গাড়িটি জব্দ ও এর চালককে আটক করে পুলিশ। এ বিষয়ে নগর পুলিশের কমিশনার জানান, মাইক্রোবাসের চালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। মাইক্রোবাসে করে আবুল খায়ের গ্রুপের কর্মীদের নিয়মিত অফিসে আনা-নেওয়া করা হতো। চলমান জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘আমি কোয়ালিটি অ্যারেস্টের পক্ষে।’
আবু নছরের রিমান্ড শুনানি আজ: গত বুধবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে মাহমুদা খানম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা আসামি আবু নছর ওরফে গুন্নুর রিমান্ড শুনানি আজ রোববার হতে পারে। তাঁর পরিবার দাবি করে আসছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে পুলিশকে ৩০ লাখ টাকা দিয়ে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।
এ বিষয়ে নগর পুলিশের কমিশনার মো. ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি দৃঢ়কণ্ঠে বলছি, টাকা নিয়ে পুলিশ কাউকে আটক করেনি। মাজার নিয়ে বিরোধের জেরেও তাঁকে আটক করা হয়নি।’
রিকশাওয়ালার রিমান্ড চাইবে পুলিশ: গত শুক্রবার বিকেলে মাহমুদা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলকালে সন্দেহজনক গতিবিধির কারণে ইব্রাহীম খান (২২) নামের এক রিকশাচালককে আটক করা হয়। পরে পুলিশ তাঁর কাছ থেকে দুটি ছুরি, একটি মুঠোফোন ও একটি কার্ড রিডার উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।
গতকাল সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, আটক রিকশাওয়ালা থাকেন পতেঙ্গায়। জামাল খানে প্রেসক্লাব এলাকায় কেন তিনি ছুরি নিয়ে এলেন, তাঁর সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গতকাল তাঁর কার্যালয়ে প্রথম আলোকে জানান, আটক রিকশাওয়ালা একেক সময় একেক তথ্য দিচ্ছেন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের মৃত আবুল বশর খানের ছেলে রিকশাওয়ালা ইব্রাহীম। তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনে অশ্লীল কিছু ভিডিও এবং কয়েকটি ইসলামি গান পাওয়া গেছে।
গোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইব্রাহীম দরিদ্র পরিবারের সন্তান। পাঁচ বছর ধরে তিনি চট্টগ্রামে রয়েছেন। তাঁরা দুই ভাই দুই বোন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগও কম।