খুনের আলোচনায় খেলার ক্লাব

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব একসময় শুধু শ্যুটিং প্রতিযোগিতায়ই নয়, ক্লাবের ক্রিকেট িটম সারা দেশে সুনাম কুড়িয়েছিল। কিন্তু এবার সাত খুনের ঘটনায় আলোচনায় এসেছে ক্লাবটি৷ ক্লাবের চার কর্মীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সরকারের তদন্ত কমিটি৷
প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, এই চারজনকে জিজ্ঞাসাবাদের কারণ গত ২৭ এপ্রিল সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের দিন ক্লাবে শামীম ওসমান ও নূর হোসেনের আলোচিত বৈঠক৷
সাতজনকে অপহরণের খবর পেয়ে ওই দিন স্থানীয় সাংবাদিকেরা প্রথমেই ছুটে যান রাইফেল ক্লাবে। সেখানে গিয়ে একটি রুমে (যেখানে শামীম ওসমান বসেন) সাংবাদিকেরা শামীম ওসমানের সঙ্গে নূর হোসেনকে দেখতে পান। ওই সময় শামীম ওসমান সাংবাদিকদের সঙ্গে কথা বললেও নূর হোসেন ক্যামেরার সামনে আসেননি। ৩০ এপ্রিল অপহৃত ব্যক্তিদের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। নূর হোসেন এই হত্যা মামলার প্রধান আসামি৷
সাম্প্রতিক সময়ে এখানকার মানুষের কাছে এই ক্লাব পরিচিতি পেয়েছে মূলত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বৈঠকখানা হিসেবে। সাত বছর পলাতক থাকার পর শামীম ওসমান ২০০৯ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জে ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত রাইফেল ক্লাবে বসেই তাঁর যাবতীয় ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। অনুগত নেতা-কর্মীর সঙ্গে বৈঠক, বিচার-সালিস, গণমাধ্যমে সাক্ষাৎকার—সবই শামীম ওসমান এই রাইফেল ক্লাবে বসেই করছেন।
১৯৫০ সালে চাষাঢ়ায় সেনাবাহিনীর এক বিঘা জমিতে রাইফেল ক্লাবটি গড়ে ওঠে। ২০০৭ সালে সেনাবাহিনী আরও ৩৩ শতাংশ জায়গা (বর্তমান ক্লাব ভবন) ৩০ বছরের জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের নামে ইজারা নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেয়। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের অন্তর্গত। মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বর্তমানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি।
এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে শামীম ওসমান সাংসদ থাকাকালে রাইফেল ক্লাব ছিল তাঁর আস্তানা। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত সাড়ে
আটটায় সেনাবাহিনী অভিযান শুরু করলে শামীম ওসমান রাইফেল ক্লাবের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান বলে তখন গণমাধ্যমে খবর বের হয়েছিল৷

পদাধিকারবলে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি, পুলিশ সুপার সহসভাপতি হলেও ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদে (২০১২-২০১৬) শামীম ওসমানের অনুগত লোকজনই বেশি। সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান ওরফে কাজল সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর এবং সেলিম ওসমানের গার্মেন্টস উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুগ্ম সম্পাদক জাফর উল্লাহ খান ওরফে চেঙ্গিস সাধারণ সম্পাদক খালেদ হায়দারের চাচা। আরেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাপার সাংসদ লিয়াকত হোসেন ওরফে খোকা৷ তিনিও শামীম ওসমানের ঘনিষ্ঠ৷ অর্থ সম্পাদক কামরুজ্জামান ভূঞা ওরফে মিনু যুবলীগের বহিষ্কৃত নেতা এবং ঢাকা থেকে গুম হওয়া শামীম ওসমানের অনুগত ক্যাঙারু পারভেজের বড় ভাই। আজীবন সদস্য-প্রতিনিধি নূরুজ্জামান খানও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ আত্মীয়। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চন্দন শীলও শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
সর্বশেষ গত ১৭ থেকে ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ব্যবস্থাপনায় গুলশানে জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের আয়োজনে ১৯তম আন্তক্লাব শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট আয়োজনে গঠিত উপদেষ্টা কমিটিতে নারায়ণগঞ্জের পাঁচ সাংসদের মধ্যে শামীম ওসমান, প্রয়াত নাসিম ওসমান ও লিয়াকত হোসেনকে রাখা হয়। আওয়ামী লীগের অপর দুই সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও নজরুল ইসলামকে রাখা হয়নি। শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ ওরফে টিটু ছিলেন অর্থ উপকমিটির আহ্বায়ক৷ গত ছয় বছরে ক্লাবের প্রতিটি অনুষ্ঠানেই অতিথি হয়েছেন ওসমান পরিবারের সদস্যরা।
দলীয় সূত্র জানায়, ঢাকায় বসবাসকারী শামীম ওসমান নারায়ণগঞ্জে এলে বেশির ভাগ সময় রাইফেল ক্লাবেই অবস্থান করেন। সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর তিন কর্মকর্তার বিরুদ্ধে নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ছয় কোটি টাকার বিনিময়ে খুনের যে অভিযোগ গণমাধ্যমের কাছে তুলেছিলেন, তা-ও এই রাইফেল ক্লাবে বসেই। ওই সময় শহীদুল ইসলামের পাশে বসা ছিলেন শামীম ওসমান।
এই ক্লাবের সদস্য শামীম ওসমান ক্লাবের নিচতলায় সবচেয়ে বড় কক্ষটি ব্যবহার করেন। এখানেই তিনি অনুগত নেতা-কর্মীদের নিয়ে সভা করেন। তখন ক্লাবের পুরো নিচতলা, বারান্দা, গাড়ি পার্কিংয়ের স্থান থাকে ক্লাবের সদস্য নয় এমন বহিরাগত ব্যক্তিদের নিয়ন্ত্রণে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ১৯৯১ সালে শ্রীলঙ্কায় সাফ গেমসে এই ক্লাবের শ্যুটার শাহানা পারভীন দেশের ইতিহাসে প্রথম শ্যুটিংয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন। ক্লাবের ক্রিকেট টিমের অনেকেই যেমন জাহাঙ্গীর আলম, শাহরিয়ার হোসেন, জাকারিয়া ইমতিয়াজ, জুয়েল হোসেন ওরফে মনা জাতীয় দলে খেলেছেন। সে গৌরব এখন চাপা পড়ে গেছে সাত খুনের মামলার আসামি নূর হোসেনের সঙ্গে সাংসদ শামীম ওসমানের বৈঠকের কাছে৷ শোনা যায়, কয়েক মাস আগে নূর হোসেন রাইফেল ক্লাবকে ১০ লাখ টাকা অনুদানও দিয়েছেন।
ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, ক্লাবটি শুধু সদস্যদের জন্য হলেও শামীম ওসমানের কাছে আসা নানা ধরনের লোকজনই অবাধে ক্লাবে যাতায়াত করেন৷ তা ছাড়া রাইফেল ক্লাবের নামে অস্ত্র ও গুলি বরাদ্দ করা হয়। এই পরিবেশে খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা অস্ত্র ও গুলি অন্য কারও হাতে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান প্রথম আলোকে বলেন, ক্লাবের যেসব সদস্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, তাঁরা ক্লাবে অবস্থান করলে তাঁদের সঙ্গে দেখা করতে বাইরে থেকে লোকজন আসেন, এ কথা সত্যি৷ তিনি দাবি করেন, নূর হোসেন কয়েক মাস আগে ক্লাবের উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা দেননি। সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ক্লাবের বেতনভুক্ত চার কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে বলে তিনি স্বীকার করেন৷ বাকি সব অভিযোগ তিনি অস্বীকার করেন৷
রাইফেল ক্লাবের সভাপতি নবাগত জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, ‘আমি নতুন এসেছি। অতীতে কী হয়েছে বলতে পারব না৷ তবে ক্লাব পরিদর্শনে গেলে সংশ্লিষ্টদের বলব, শুধু খেলাধুলার কাজেই যেন ক্লাবটি ব্যবহৃত হয়। বিতর্কিত কোনো কর্মকাণ্ডে যেন ক্লাব না জড়ায়।’