খুনের আশঙ্কায় দুই শিশুর বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতেখার হোসেন ওরফে লিমন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নালিসি ভূমির আকৃতি পরিবর্তন করবে, গাছপালা কেটে ফেলবে, এতে খুনোখুনি ঘটার আশঙ্কা রয়েছে। এমন অভিযোগে সিলেটের অতিরিক্ত জেলা হাকিম আদালতে গত ৮ ডিসেম্বর একটি মামলা হয়েছে। আদালত ১৮ ডিসেম্বর সমনও জারি করেন। এই ইফতেখার নাবালক শিশু। পঞ্চম শ্রেণীর এই ছাত্র মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। মামলাটি করেন একই গ্রামের আবদুল হক। মামলায় একই অভিযোগে ইফতেখারের ছোট বোন পঞ্চম শ্রেণীর ছাত্রী ইফাত জাহান ও মা স্বপ্না বেগমকেও আসামি করা হয়েছে। ২৮ ডিসেম্বর এই তিনজনকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাকিম।গতকাল সোমবার এ ব্যাপারে আইনি সহায়তার জন্য সিলেটে আইনজীবীদের সঙ্গে কথা বলেন স্বপ্না বেগম। এর পর দুই শিশুসন্তান নিয়ে প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে তিনি সব ঘটনা জানান।স্বপ্না বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার বাদী আরজিতে উল্লেখ করেন, ‘ইফতেখার হোসেন লিমন গং সন্ত্রাস বাহিনী নিয়া নালিশা ভূমির আকৃতি পরিবর্তন করিবে, গাছগাছালি কাটিয়া ফেলিবে। এতে দাঙ্গা-হাঙ্গামাসহ খুন-খারাবি হওয়ার আশঙ্কা বিদ্যমান...।’ আদালত সূত্রে জানা গেছে, জিয়াপুর গ্রামের আবদুল হক বিরোধপূর্ণ ভূমিতে দাঙ্গাহাঙ্গামা বাধার আশঙ্কায় মামলাটি (নম্বর ০১) করেন। স্বপ্না বেগম বলেন, ‘জায়গা-জমি নিয়া বড়রার মইধ্যে বিরোধ থাকতেই পারে। বড়রার লগে কোলের এই পোলাপানরে (শিশুদের) আসামি করার কি কোনো বিচার পাইতাম না?’মানিকপুর ইউনিয়ন পরিষদের দেওয়া জন্মসনদ অনুযায়ী ইফতেখারের বয়স ১১ বছর। ইফাতের বয়স পাঁচ বছর নয় মাস। ইফতেখার উত্তর চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার পঞ্চম শ্রেণীতে পড়ছে। ইফাত শিশু শ্রেণী পাস করে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে। ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী তাদের জন্ম সনদ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।স্বপ্না বেগম জানান, পারিবারিক সম্পত্তির কিছু জায়গা নিয়ে আবদুল হকের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে মামলা করা হয়েছে। তাঁর স্বামী আবদুল জব্বার ২০০৯ সাল থেকে নিখোঁজ। এর পর থেকে তিনি এই মামলা নিয়ে বিপাকে পড়েন। স্বপ্না বলেন, আদালত থেকে সমন পেয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে দুই শিশুসন্তানের আসামি হওয়ার বিষয়টি আদালতের নজরে দেন। স্বপ্নার আইনজীবী মো. শফি আহমদ প্রথম আলোকে বলেন, আরজিতে বাদী আসামিদের বয়স উল্লেখ করেননি। এ কারণে হয়তো আসামির তালিকায় দুই শিশু থাকার বিষয়টি আদালতের অগোচরে ছিল এবং সমন জারি হয়েছে। আসামির তালিকা থেকে দুই শিশুর অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে শুনানির দিন ধার্য হয়েছে ৩১ জানুয়ারি।এ ব্যাপারে বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদ সিলেটের সমন্বয়কারী সৈয়দা শিরিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী মামলায় কোনো শিশুকে আসামি করা যাবে না। এখানে বয়স উল্লেখ না করে দুই শিশুকে আসামি করা হয়েছে। এটা একধরনের জালিয়াতি। চাইলে এ নিয়েও আইনি সহায়তা পাবেন স্বপ্না বেগম।’ জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, বিষয়টি জানার পর ঘটনা তদন্তে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।