খুনের এক সপ্তাহ পর লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন হওয়ার এক সপ্তাহ পর ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখের লাশ চট্টগ্রামে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আতিফের লাশ তাঁর মা-বাবার কাছে হস্তান্তর করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। জুমার নামাজের পর লাশ নগরের আকবর শাহ কবরস্থানে দাফন করা হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে গত সোমবার আতিফের মা-বাবা ভারত থেকে চট্টগ্রামে ছুটে আসেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, আতিফের লাশ কেন ভারত নিয়ে যাওয়া হয়নি, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তাঁর মা-বাবা। তাঁরা শুধু ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। আতিফের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী লাশ গতকাল জুমার নামাজের পর আকবর শাহ কবরস্থানে দাফন করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের ফ্রিজার থেকে ছেলের লাশ নেওয়ার সময় আতিফের বাবা আবদুল খালেক শেখ ও মা ফারিজোতান শেখ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

১৪ জুলাই রাতে নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর সহপাঠী মাইসনাম উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিন কক্ষের ওই ফ্ল্যাটে ইউএসটিসির চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। ১৪ জুলাই রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উইনসন। তিনি সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে মনে করছেন আকবর শাহ থানার ওসি। এই হত্যা মামলার আট আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আতিফের সহপাঠী গুরঙ্গ নিরাজকে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আগামীকাল রোববার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।