খুনের কথা স্বীকার করলেন শামসুজ্জামানের ছোট ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ছোট ছেলে খলিকুজ্জামান তাঁর ভাইকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর জবানবন্দি লেখেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান গতকাল খলিকুজ্জামানকে হাজির করে তাঁর জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত সূত্র জানায়, খলিকুজ্জামান আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, ইচ্ছা করে তিনি তাঁর ভাইকে মারেননি। বড় ভাই কামরুজ্জামানের কাছে বাবা এ টি এম শামসুজ্জামান বন্ধ দরজার তালা ভাঙার কারণ জানতে চাইলে কামরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায় তাঁর বাবাকে বড় ভাই কিল-ঘুষি মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি আরও বলেন, এ ঘটনা দেখে রান্নাঘর থেকে একটি ছুরি এনে কামরুজ্জামানকে মারতে যান। দুজনের মধ্যে ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে ছুরির আঘাতে কামরুজ্জামান মারা যান। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে বড় ছেলে কামরুজ্জামান বাসার বাইরে থেকে এসে বাসার দরজা বন্ধ পান। ধাক্কাধাক্কি করে দরজা খুলতে না পেরে তালা-চাবির মিস্ত্রি নিয়ে আসেন। তিনি তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় শামসুজ্জামান ভেতর থেকে দরজা খুলে দিলে বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন কামরুজ্জামান। তখন ভেতর থেকে ছুরি এনে খলিকুজ্জামান তাঁর বড় ভাইকে ছুরিকাঘাত করেন। এতে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে খলিকুজ্জামানকে গ্রেপ্তার করে নিয়ে যায় সূত্রাপুর থানার পুলিশ। এ ঘটনায় বাবা এ টি এম শামসুজ্জামান ছেলে খলিকুজ্জামানকে আসামি করে হত্যা মামলা করেন।