খুনের কথা স্বীকার করে পুরজিতের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী তালুকদার (১৯) হত্যা মামলায় আজ শনিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রলীগ কর্মী পুরজিৎ দাস ওরফে প্রণজিৎ।

সিলেট মহানগর হাকিম (আদালত-৩) আনোয়ারুল হকের আদালতে খুনের কথা স্বীকার করে বেলা দুইটার দিকে জবানবন্দি দেন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, জবানবন্দি রেকর্ডের পর পুরজিৎকে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার নিজ সংগঠনের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী আবদুল আলী। ওই দিন বিকেলে পুরজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানায়, পুরজিৎ তার বয়ানে আবদুল আলীকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল। সে যে মারা যাবে, বুঝতে পারিনি।’

মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সিলেটের ওসমানীনগরের ভুরিখাল সেতুর নিচ থেকে ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। পুরজিতের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে। তিনি সিলেট নগরের শাহপরান এলাকায় থাকেন।

আরও পড়ুন: