সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার ব্যক্তিগত কর্মচারী আমিনুল ইসলাম হত্যার ঘটনায় আটক করা তিন নারীসহ চারজন পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাকক্ষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শফিকুল ইসলাম ওরফে অরণ্য (২৫), তাঁর স্ত্রী মেহজাবীন ওরফে মুন, শাশুড়ি মৌসুমী ইসলাম ওরফে জোছনা (৪০) ও খালাশাশুড়ি শিউলি আক্তার (২৮)। তাঁদের জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি, একটি মোটরসাইকেল এবং আটক করা শফিকুল ইসলাম ওরফে অরণ্যের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, আসামিরা জানিয়েছেন, নিহত আমিনুল গৃহশিক্ষক থাকার সময় শফিকুলের স্ত্রীকে ধর্ষণ করেন। এ দৃশ্যটি ভিডিও করা আছে দাবি করে আমিনুল তাঁকে পাশবিক নির্যাতন করতেন। আমিনুল একপর্যায়ে তাঁর শফিকুলের শাশুড়িকেও (জোছনা) ধর্ষণ করেন। বিষয়টি জানাজানির পর শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী, শাশুড়ি ও খালাশাশুড়ি মিলে ১৯ আগস্ট আমিনুলকে হত্যার পরিকল্পনা করেন। তাঁদের পরিকল্পনামতো ১৯ আগস্ট রাত সোয়া ৯টার দিকে জোছনা ও শিউলি আমিনুলকে তাঁর মুরাদপুর মাদ্রাসা রোডের বাসা থেকে ডেকে নিয়ে আসেন। এরপর পশ্চিমদী ব্রিজের কাছে নিয়ে তাঁকে খুন করেন।
তবে পুলিশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেন নিহত আমিনুলের স্ত্রী লিজা আক্তার (৩০)। তিনি সাংবাদিকদের জানান, পুলিশ যাঁদের ধরেছে তাঁদের সম্পর্কে তাঁরা আগে থেকে কিছুই জানতেন না। এসব তথ্য মিথ্যা বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমিনুল কখনো গৃহশিক্ষক ছিলেন না। তিনি বলেন, স্বামীর একই ফ্ল্যাটে বসবাসকারী কুদরত আলীর কাছে বিদেশ যাওয়ার জন্য টাকা ও পাসপোর্ট দিয়েছেন। সে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
অতিরিক্ত পুলিশ বলেন, চার আসামি এ হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি, একটি মোটরসাইকেল ও শফিকুল ইসলামের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।
গত শনিবার সকাল নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার মুজাহিদনগর রোডের পাশ থেকে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার ব্যক্তিগত হিসাবরক্ষক আমিনুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বড় ভাই রেজাউল ইসলাম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত কয়েক ব্যক্তির নামে একটি হত্যা মামলা দায়ের করেন।