খুনের কথা স্বীকার করেনি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাবুদ্দিন নাগরী
শাহাবুদ্দিন নাগরী

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাবেক কাস্টমস কর্মকর্তা, কবি শাহাবুদ্দিন নাগরী ও নিহত ব্যক্তির স্ত্রী নুরানী আক্তার। গতকাল দুজনকে আবার চার দিন করে রিমান্ড নেওয়া হয়েছে।
নিউমার্কেট থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থেকে শাহাবুদ্দিন নাগরী বলছেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। আর নিহত নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার একেক সময় একেক কথা বলছেন। তবে তিনিও হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করছেন।
রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ার কারণে দুজনের জবানবন্দি গ্রহণ করা হয়নি। তাঁদের আবার রিমান্ডে আনা হয়েছে।
পুলিশ জানায়, শাহাবুদ্দিন নাগরী ও নুরানী আক্তার ওরফে সুমিকে রিমান্ড শেষে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে নতুন করে আরও ১০ দিন রিমান্ডের আবেদন করে। মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম শুনানি শেষে প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এ মামলায় গ্রেপ্তার হওয়া নিহত নুরুল ইসলামের গাড়িচালক সেলিমকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৭ এপ্রিল নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার ও সেলিমকে গ্রেপ্তার করা হয়।
১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসার শোয়ার কক্ষ থেকে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নুরুল ইসলামের বোন শাহানা রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় এ মামলা করেন। মামলায় শাহাবুদ্দিন নাগরী ও নুরানীকে আসামি করা হয়।