খুনের ঘটনায় জামায়াত-শিবির থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গতকালের দুটি খুন ছিল ‘টার্গেট কিলিং’। দুটি খুনেরই তাঁরা আলামত পেয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনায় সময় যেসব উপাদান পাওয়া গেছে, তা তদন্ত করে পরে বক্তব্য দেওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় জামায়াত, শিবিরসহ জঙ্গি সদস্যরা জড়িত থাকতে পারে। তবে তারা সব একই। আমরা অনেকগুলো হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি। এগুলোর বিচার কাজ চলছে। রাজশাহীর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই তনু হত্যা বিষয়ে জানানো হবে।

আসাদুজ্জামান খান বলেন, সব হত্যার বিচার হবে। এ বিষয়ে গোয়েন্দারা সচেতন রয়েছেন। সারা পৃথিবীতে অস্থিরতা চলছে, সে তুলনায় আমরা নিয়ন্ত্রণে আছি।

প্রসঙ্গত, গতকাল সোমবার কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন।