স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে বর্তমান সরকারের চার বছরে খুনের যে পরিসংখ্যান দিয়েছিলেন, তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে সংসদ সচিবালয় মন্ত্রীর এই অনুরোধ নাকচ করে দিয়েছে।সংসদ সচিবালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেছেন, সংসদে কোনো তথ্য একবার উত্থাপিত হলে তা প্রত্যাহারের সুযোগ নেই। তবে মন্ত্রী চাইলে এ বিষয়ে ৩০১ বিধিতে একটি বিবৃতি দিতে পারবেন।সংসদ সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর এ-সংক্রান্ত চাহিদাপত্রকে ‘অসংসদীয় চর্চা’ বলে আখ্যায়িত করেন। তাঁরা জানিয়েছেন, দেশের সংসদীয় ইতিহাসে কোনো মন্ত্রীর উত্থাপিত তথ্য প্রত্যাহারের অনুরোধ জানানোর নজির খুবই কম। মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ভবিষ্যতে যাতে এ ধরনের ‘ভুল’ না করেন, সে জন্য এ মাসের গোড়ার দিকেই সংসদ সচিবালয় একটি কর্মশালার আয়োজন করে।গত ১০ ফেব্রুয়ারি সংসদের ষোলতম অধিবেশনে অনুপস্থিত বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনা ও দাঙ্গায় মোট ১৬ হাজার ২৮৫ জন খুন হয়েছে। এর মধ্যে রাজনৈতিক কারণে ৫১, দাঙ্গায় ১৬০ জন এবং অরাজনৈতিক কারণে ১৬ হাজার ৭৪ জন খুন হয়েছে। সর্বাধিক এক হাজার ৮৮ জন খুন হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়।পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, সংসদ থেকে প্রশ্ন আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রশ্ন পুলিশ সদর দপ্তরে পাঠায়। এরপর সেখানকার কর্মকর্তারা সব জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়ে এর জবাব দিতে বলেন। পুলিশ সুপারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই খুনের হিসাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা সংসদে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই জবাবের পর বিষয়টি নিয়ে সরকারের মধ্যে তোলপাড় হয়। সংসদবিষয়ক কাজের দায়িত্বপ্রাপ্ত পুলিশের দুজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দুই কর্মকর্তা লিখিতভাবে পুলিশ সদরকে জানান, মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তাঁরা পরিসংখ্যানটি তৈরি করেছিলেন।এরপর ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তথ্য প্রত্যাহারের অনুরোধ জানিয়ে একটি চাহিদাপত্র দেওয়া হয়। তাতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে তথ্য উপস্থাপন করেছেন, তাতে ভুল রয়েছে। ৪ মার্চ সংসদ সচিবালয় থেকে পাল্টা চিঠি দিয়ে জানানো হয়, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী উপস্থাপিত তথ্য প্রত্যাহার করা সম্ভব নয়।এ নিয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে কোনো ভুল থাকলে তা শোধরানোর জন্য মন্ত্রী সংসদে বিবৃতি দিতে পারেন। এর আগে একই রকম ভুলের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছিল।