খুনের দায় স্বীকার করেছে ঐশী

রাজধানীর চামেলীবাগে নিহত পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের মেয়ে ঐশী রহমান মা-বাবাকে হত্যার দায় স্বীকার করেছে। আজ শনিবার ঐশী রহমান ও গৃহপরিচারিকা খাদিজা খাতুন ওরফে সুমি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ঐশী রহমান দায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আজ পাঁচ দিনের রিমান্ড শেষে ঐশী রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় গৃহপরিচারিকা সুমিকেও আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম আনোয়ার সাদাত তাঁর খাসকামরায় ১৬৪ ধারায় দুজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ঐশী রহমানের বন্ধু মিজানুর রহমান ওরফে রনিকে আজ পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম আসাদুজ্জামান নুর।
ঐশীর আইনজীবী মাহবুব হাসান প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা ঐশীকে কিশোর আদালতে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া তাঁরা বলেছেন ঐশী মানসিক ভারসাম্যহীন। মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিত্সা প্রয়োজন। ঐশীর আইনজীবিরা মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়েছেন। আদালত ঐশীর জামিন ও ঘটনাস্থল পরিদর্শনের অনুমতির বিষয়ে আগামীকাল রোববার শুনানি করবেন।
ডিবির সংবাদ সম্মেলন: আজ বিকেল মহানগর পুলিশের তথ্যকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ঐশীসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ, ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাথমিক তদন্তে জানা গেছে এ হত্যাকান্ড ঐশী একাই ঘটিয়েছে।এ ব্যাপারে ডিবির কাছে ঐশী তথ্য দিয়েছে।ঐশী জানিয়েছে হত্যাকাণ্ডের আগে সে তার বাবা-মাকে ৬০টি চেতনানাশক বড়ি খাইয়েছিল। তবে মনিরুল ইসলাম বলেছেন, হত্যাকান্ডে বিভিন্নজন বিভিন্নভাবে সম্পৃক্ত থাকতে পারে।কেউ পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে।ঐশীর ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল পুলিশ এখনও তা বের করতে পারেনি।পুলিশ ঐশীর একজন বন্ধুকে খুঁজছে।সে হত্যাকান্ডের ব্যাপারে আরো কিছু তথ্য দিতে পারে।
ঐশী মাদকাসক্ত কি না সে ব্যাপারে কোনো পরীক্ষা করা হয়েছে কী না জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন হত্যাকান্ডের সময় সে মাদকাসক্ত ছিল কি না তা পরীক্ষা করার সুযোগ ছিল না।কারণ ঘটনার প্রায় ৬০ ঘন্টা পর সে পল্টন থানায় এসে আত্মসমর্পণ করে।তবে ঐশীর মাদক সংগ্রহের তথ্য, আলামত পুলিশের হাতে রয়েছে বলে তিনি জানান।
বয়স বিতর্ক এবং পুলিশের যুক্তি: ঐশী ও সুমিকে যখন রিমান্ডে আনা হয় তখন তাদের আইনসংগত ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী না সে বিতর্ক উঠে।ডিবি বলছে, হত্যাকাণ্ডের পর মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান যে মামলা করেছেন তাতে তিনি ঐশীর বয়স লিখেছেন ১৭।তবে ঐশী ডিবি কে জানিয়েছে তার বয়স ১৮।যে ক্লিনিকে ঐশী জন্মেছে, সে ক্লিনিক থেকেও পুলিশ তথ্য সংগ্রহ করা হয়েছে।তার বয়স নির্ধারণের জন্য পরীক্ষাও করা হয়েছে।সব তথ্য আদালতে দেওয়া হবে।আদালত তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে।মনিরুল দাবি করেন, শিশু আইন অনুযায়ী সুমিকে প্রবেশনারি কর্মকর্তার সামনে জিজ্ঞাসাবাদ করা হয়।এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঐশীর বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এখনো পর্যন্ত এ-সম্পর্কিত কোনো প্রতিবেদন পুলিশ বা আইনজীবীদের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
১৪ আগস্ট রাত দুইটার দিকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান চামেলীবাগের ভাড়া বাসায় খুন হন। ১৭ আগস্ট ঐশী রহমান থানায় আত্মসমর্পণ করে। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঐশীকে গ্রেপ্তারের পর পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে ঐশী হত্যাকাণ্ডে তার দুই বন্ধুর জড়িত থাকার কথা জানায়। তবে এখন পর্যন্ত এ তথ্যের সত্যতা খুঁজে পায়নি পুলিশ।