খুনের দায় স্বীকার করে সতিনের জবানবন্দি
সতিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রোজি আক্তার। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে তিনি জবানবন্দি দেন বলে পুলিশ জানায়। হত্যার ঘটনায় রোজি আক্তার ও তাঁর ভাই শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে মির্জারপুল এলাকায় সতিনের বাসায় বেড়াতে এসে খুন হন শারমীন আক্তার। এ ঘটনায় শারমীনের মা শামসুন নাহার বাদী হয়ে রাতেই পাঁচলাইশ থানায় রোজী আক্তার, তাঁর দুই ভাই শহীদুল ইসলাম ও শফিকুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। রোজি ও শফিকুলকে পুলিশ গ্রেপ্তার করলেও শহীদুল পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজি আক্তার তাঁর সতীন শারমীন আক্তারকে খুন করার কথা স্বীকার করেন। পরে সন্ধ্যায় আদালতে দেওয়া জবানবন্দিতেও খুনের দায় স্বীকার করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, জবানবন্দিতে রোজি আক্তার স্বীকার করেন যে প্রবাসী স্বামী আবদুল হাকিমের ফোন করা নিয়ে বৃহস্পতিবার দুপুরে মির্জারপুলের বাসায় তাঁর সঙ্গে শারমীন আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যায়ামের ভারী সরঞ্জাম দিয়ে শারমীনের মাথায় আঘাতের পর পেটে ছুরিকাঘাত করেন।