খুনের নির্দেশদাতা ও খুনিদের গ্রেপ্তার দাবি

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রস্থল চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। ত্বকী হত্যার ৪৩ মাস পূর্তিতে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
কর্মসূচি চলাকালে ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘দেশে আজ দুর্বৃত্ত রক্ষার রাজনীতি চলছে। ত্বকীর ঘাতকদের রক্ষার মধ্য দিয়ে এখানে দুর্বৃত্তদের রাজনীতিতে পুরস্কৃত করা হয়েছে। তাই গোটা রাজনীতিই আজ দুর্বৃত্তরা দখলে নিতে চাচ্ছে। তনু, মিতু, আফসানা হত্যার বিচার হয়নি। কারণ তাদের ঘাতকেরা সরকারের আশ্রিত। খাদিজার ঘাতক বদরুলকে ক্ষমতাসীন দলের নয় বলে প্রচার চালানো হচ্ছে। ঘাতক ক্ষমতাসীন দলের হোক বা না হোক, আমরা এর বিচার দেখতে চাই। ঘাতক ক্ষমতাসীন দলের না হলে বিচার হবে, আর ক্ষমতাসীন দলের হলে বিচার হবে না, সরকারকে এ অবস্থান থেকে সরে আসতে হবে।’
রফিউর রাব্বি বলেন, ‘আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে সুলতান শওকত ওরফে ভ্রমর ত্বকীর ঘাতক হিসেবে আজমেরী ওসমানসহ যাদের নাম উল্লেখ করেছে তাদের সকলকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে অভিযোগপত্র দিতে হবে। আমরা চাই রাজনীতির প্রয়োজনে সরকার কোনো ঘাতককেই প্রশ্রয় দেবে না। দলমত-নির্বিশেষে সকল হত্যাকাণ্ড ও অপরাধের বিচার করবে। সাড়ে তিন বছরেও অভিযোগপত্র না দেওয়া কোনো সুশাসনের লক্ষণ নয়।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তরিকুল ইসলাম প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।