খুনের নির্দেশদাতা 'বাবুল' হোক বা যেই হোক তদন্তের দাবি বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হত্যার নির্দেশদাতা এবং সহায়তাকারী যেই হোক, তার বিষয়ে তদন্ত করার জন্য বলেছি। সেটা বাবুল আক্তার হোক কিংবা আমি নিজে হই কিংবা যেই হোক’—তদন্ত কর্মকর্তার কক্ষ থেকে বেরিয়ে আসার পর কী কথা হয়েছে, সাংবাদিকেরা তা জানতে চাইলে এভাবেই উত্তর দেন মাহমুদা খানমের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।
মেয়ে মাহমুদা খুন হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর এই প্রথম চট্টগ্রামে ডেকে নিয়ে মোশাররফ হোসেনের সঙ্গে ৩ ঘণ্টা ৪০ মিনিট কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে মোশাররফ হোসেন চট্টগ্রামের লালদীঘি এলাকায় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর ভাতিজা আবদুর রহিম। তিনি সরাসরি কার্যালয়ের দ্বিতীয় তলায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এবং এই মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামানের কক্ষে ঢোকেন। তখনই ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। তাঁর ভাতিজা পাশের একটি কক্ষে বসা ছিলেন।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকা থেকে ডেকে এনে বাবুল আক্তারকে ‘জিজ্ঞাসাবাদ’ করেন তদন্ত কর্মকর্তা। তখন বাবুল আক্তার তদন্ত কর্মকর্তাকে জানান কামরুল শিকদার ওরফে মুছা ও এহতেশামুল হক ওরফে ভোলা তাঁর সোর্স ছিলেন। তবে তাঁরা কেন এবং কার নির্দেশে স্ত্রী মাহমুদাকে খুন করেছেন তা তিনি জানেন না।
তদন্ত কর্মকর্তা একাই মোশাররফ হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। বেলা ২টা ২০ মিনিটে তদন্ত কর্মকর্তার কক্ষ থেকে বের হন তিনি। ডিবি কার্যালয়ের সামনে মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মামলাসংক্রান্ত কথা বলার জন্য তদন্ত কর্মকর্তা তাঁকে ডেকেছেন। তিনি তদন্ত কর্মকর্তাকে পলাতক মুছা ও কালুকে গ্রেপ্তার করে হত্যার নির্দেশদাতা কে এবং কী কারণে তাঁর মেয়েকে খুন করা হয়েছে, তা বের করতে অনুরোধ করেছেন।
মুছা ও কালু বাবুল আক্তারের সোর্স ছিলেন। বাবুল আক্তার নিজেই তা তদন্ত কর্মকর্তার কাছে স্বীকার করেন। এ জন্য বাবুল আক্তারকে নির্দেশদাতা হিসেবে সন্দেহ করেন কি না, এ প্রশ্ন করা হলে মোশাররফ হোসেন বলেন, ‘খুনের সঙ্গে বাবুল সাহেব কেন, যে সাহেবই জড়িত থাকুক না কেন সেটা তদন্ত করে দেখতে বলেছি। এখনো আমি বাবুলকে সন্দেহ করি না।’ তিনি বলেন, বাবুল ও তাঁর মেয়ের দাম্পত্য কলহ ছিল না। তার স্কুলপড়ুয়া নাতি আক্তার মাহমুদ (মাহির) ও নাতনি তাবাসসুম তাজনীন মায়ের জন্য প্রায়ই কাঁদে। নাতনি শুধু তার মেয়েকে খোঁজে। তার কোনো প্রশ্নের জবাব দিতে পারেন না তাঁরা। নাতি-নাতনিদের কথা বলার সময় মোশাররফ হোসেন চোখ মুছতে থাকেন। তিনি বলেন, নাতি-নাতনি দিনে তাঁর বাসায় (বনশ্রীতে) এবং রাতে মগবাজারে বাবুল আক্তারের বাসায় থাকে।
বাবুল আক্তার বাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাঁকে জোর করা হয়েছে এ প্রশ্ন করা হলে তাঁর শ্বশুর মোশাররফ বলেন, ‘বিষয়টি বাবুল জানেন।’
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য পরে বাবুল আক্তার বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’
বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে বলেন, মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে সপ্তাহ খানেক আগে তাঁকে আসতে বলা হয়। তিনি অনেক তথ্য দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কথা বলার সময় মেয়ে হত্যার বিচার চেয়ে বেশ কয়েকবার কেঁদেছেন তিনি।
তদন্ত কর্মকর্তা বলেন, খুনের ঘটনায় বাবুল আক্তারকে সন্দেহ করার মতো তাঁর কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। তবে বাবুল আক্তারসহ নির্দেশদাতা যেই হোক না কেন, তা তদন্তে বের করা হবে।
মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু মুছা কার নির্দেশে ও কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তাঁদের জবানবন্দিতে। এদিকে ২২ জুন চট্টগ্রামের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। যদিও এটি অস্বীকার করে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে পুলিশ।