খুনের নির্দেশদাতার নাম জানা যাবে ঈদের পর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদা খানম হত্যার নির্দেশদাতা কে—ঈদের পর তা জানা যাবে বলে আশাবাদী পুলিশ। এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার নির্দেশদাতাকে শনাক্ত করতে পারবে বলে ভাবছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা ভোলা সরবরাহ করেছেন বলে পুলিশ দাবি করেছে।
গত ২৮ জুন ভোলা ও তাঁর সহযোগী মনিরকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন বিকেল সাড়ে চারটায় দুজনকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। কিন্তু রিমান্ড আবেদন ও আসামিদের আদালতে উপস্থাপন করতে দেরি হওয়ার কারণে শুনানি হয়নি। পরে আদালত দুই আসামিকে করাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন আদালত দুই আসামির রিমান্ড আবেদন পাওয়ার পর তা শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলাও পুলিশের সোর্স। মুছার সঙ্গে দীর্ঘদিন তাঁর সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কারণে মুছা ভোলার কাছ থেকে অস্ত্র আনেন। হত্যাকাণ্ড শেষে ভোলার কাছে তিনি অস্ত্র (পিস্তল ও রিভলবার) ফেরত দেন। ভোলা হয়তো জানতে পারেন মুছা কার নির্দেশে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন।
অবশ্য এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, হত্যার পরিকল্পনকারী কামরুল শিকদার ওরফে মুছাকে গ্রেপ্তার করা গেলে এই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। খুনের নির্দেশদাতাকেও বের করা যাবে।
তবে মুছার স্ত্রী পান্না আক্তারের দাবি, চট্টগ্রাম নগরের বন্দর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ২২ জুন মুছাকে ডিবি পুলিশ পরিচয়ধারী লোকজন ধরে নিয়ে যায়। তখন পুলিশের সঙ্গে নূর নবীও (মাহমুদাকে পেছন থেকে ছুরি মারেন, পুলিশ বলছে পলাতক রয়েছেন) ছিলেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আলোচিত এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তার হওয়া আসামিদের যত দ্রুত সম্ভব জিজ্ঞাসাবাদ করে খুনের নির্দেশদাতাকে চিহ্নিত করা উচিত। জিজ্ঞাসাবাদ করতে দেরি হলে আসামিরা কৌশলী হয়ে যেতে পারেন। কারাগারে আটক থাকলেও আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা নিজেদের মতামত পাল্টে ফেলতে পারেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ‘আসামি গ্রেপ্তারের পর কাগজপত্র তৈরি করে রিমান্ড আবেদন করতে অনেক সময় দেরি হয়ে যায়। তবে ঈদের পরেই ভোলাসহ গ্রেপ্তার হওয়া অন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করে খুনের নির্দেশদাতাকে শনাক্ত করার চেষ্টা করা হবে। মামলার রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমরা আশাবাদী। এ ছাড়া মুছাসহ পলাতক আসামিদের খোঁজা হচ্ছে।’
৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
হত্যাকাণ্ডের ২১ দিন পর ২৬ জুন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, মুছার নেতৃত্বে মাহমুদা হত্যাকাণ্ড ঘটে। এতে সাত-আট জন অংশ নেন। হত্যার দায় স্বীকার করে ওই দিন আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও মো. আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে হত্যার বিস্তারিত বর্ণনা উঠে এলেও কার নির্দেশে মুছা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এর উল্লেখ নেই।
শুক্রবার এ মামলায় গ্রেপ্তার হওয়া মুছার বড় ভাই সাইদুল আলম ও শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ১৭ জুলাই রিমান্ড আবেদনের শুনানি হবে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ঈদের পর জিজ্ঞাসাবাদে আসামি ভোলা, শাহজাহান ও মুছার ভাই সাইদুলের কাছ থেকে হয়তো বেরিয়ে আসবে খুনের নির্দেশদাতা কে বা কারা। এর মধ্যে পরিকল্পনাকারী মুছাকে ধরা গেলে আরও সহজ হবে।
মুছার স্ত্রীর সংবাদ সম্মেলন আজ: মাহমুদা হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি মুছার স্ত্রী পান্না আক্তার গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে আসেন। কিন্তু আগে থেকে কক্ষ ভাড়া না করায় পরে তিনি সংবাদ সম্মেলন করতে না পেরে ফিরে যান। তিনি প্রথম আলোকে বলেন, কাল (আজ সোমবার) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবেন। চট্টগ্রাম প্রেসক্লাবের অফিস সহকারী শাহাদাত হোসেন বলেন, ফারুক শিকদারের নামে সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের জন্য প্রেসক্লাবের কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। ফারুক শিকদার মুছার শ্বশুর।