খুনের পর খুন, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের পর চার দিনের ব্যবধানে আরও দুজন খুন হয়েছেন। আর জুলাই ও আগস্ট মাসে আরও চারটি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের মামলার বেশির ভাগ আসামিই গ্রেপ্তার হয়নি। পুলিশ জানায়, রোববার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পারভেজ খুন হওয়ার পরের দিন সোমবার রাতে শহরের শালবন মিস্ত্রিপাড়ার ডিশ ব্যবসায়ী গোপালচন্দ্র বিশ্বাস (৪০) ও সদর উপজেলার তপোধন ইউনিয়নের বেনুঘাট গ্রামের কৃষক আসাদুল ইসলাম (৪২) খুন হন। মামলা ও পরিবার সূত্রে জানা যায়, রোববার গোপালচন্দ্রকে মুঠোফোনে ডেকে ওই রাতে কামালকাছনার ফায়ার সার্ভিসের কাছে আমতলার মোড়ে নেওয়া হয়। পরে হাত-পা বেঁধে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং ডান পায়ের রগ কেটে দিয়ে সটকে পড়ে সন্ত্রাসীরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোমবার ভোরে তিনি মারা যান। তাঁর স্ত্রী জ্যোৎস্না রানী বাদী হয়ে শহরের গুপ্তপাড়া, কামলাকাছনা ও পূর্ব শালবন এলাকার পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। সদর উপজেলার তপোধন ইউনিয়নের বেনুঘাট গ্রামের কৃষক আসাদুল ইসলামকে সোমবার রাতে হত্যা করে তাঁর বাড়ির পাশের একটি খোলা মাঠে লাশ ফেলে রাখা হয়।জুলাই ও আগস্ট মাসে শহরে চারটি খুন সংঘটিত হয়েছে। শহরের কটকিপাড়ার তরুণ শরিফুল আলম হত্যাকাণ্ডের আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ওই পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। সন্ত্রাসীদের ভয়ভীতি ও হুমকির কারণে ওই পরিবার এখন বাড়িছাড়া। শহরের কটকিপাড়ার শরিফুল আলমকে কেরানীপাড়ায় ২১ জুলাই রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে খুন করে। ভয়ে পরিবার আত্মীয়র বাড়িতে অবস্থান নিয়েছে। তাঁর স্ত্রী হাসিমুন নাহার বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।’ ৩০ জুলাই শহরের কলেজ রোডে দরপত্রের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩২) খুন হন। এ ঘটনায় তাঁর বাবা হারুন-অর-রশিদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করলেও পুলিশ একই এলাকার যুবক ডালিমকে (৩৩) গ্রেপ্তার করে। আর কেউ গ্রেপ্তার হয়নি।৩১ আগস্ট রাতে সদর উপজেলার হাজিরহাট এলাকায় মোমিনুল ইসলাম (৪০) ও আবদুস ছালামকে (৩৫) ধরে নিয়ে একই স্থানে গলা কেটে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, হাজিরহাট এলাকার সাদেকুল ইসলাম (৩৬) ও নয়া মিয়া (৩৭)। র‌্যাবের দাবি, তাঁরা ওই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। র‌্যাব রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি তরিকুল ইসলাম জানান, জোড়া খুনের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আসামিরা দীর্ঘদিন পালিয়ে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে ঘুরে বেড়ায়, তখন কিছু করার থাকে না। পুলিশের লোকবলও কম। আর শহরে লোকসংখ্যাও বেড়ে গেছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে জোর চেষ্টা চালানো হচ্ছে।