খুনের পর মুক্তিপণ চাওয়ার ঘটনায় গ্রেপ্তার নেই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির ছাত্র কপিল বাড়ৈ খুন ও খুনের পর মুক্তিপণ চাওয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর ১৯ ডিসেম্বর তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, লাশ পাওয়ার রাতেও কপিলের মুঠোফোন থেকে এসেছে মুক্তিপণ চেয়ে খুদে বার্তা। এতে কপিলের মুক্তির জন্য ৩৫ লাখ টাকা দাবি করা হয়েছে। পুলিশ বলছে, যে চক্র কপিলকে হত্যা করেছে, তারাই এ কাজ করছে।
কপিল থাকতেন রাজধানীর ভাটারা কালীমন্দিরের পূর্ব পাশের এক বাড়িতে বড় ভাই প্রণব বাড়ৈয়ের সঙ্গে। প্রণবের স্ত্রী অসুস্থ হওয়ায় মাস খানেক থেকে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার গ্রামের বাড়িতে থাকেন।
প্রণব বাড়ৈ বলেন, ঘটনার দুই দিন আগে রাত আটটার দিকে কপিলের সঙ্গে মুঠোফোনে শেষবারের মতো কথা হয়। তখন কপিল জানান, তিনি বাসার কাছাকাছি আছেন। এক মিনিটের মধ্যেই বাসায় ঢুকবেন। এরপর থেকে কপিলের মুঠোফোন বন্ধ। ঢাকার আত্মীয়স্বজনের বাড়িতে যোগাযোগ করেও কপিলের সন্ধান পাওয়া যায়নি। ওই রাতেই তাঁরা ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৯ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে বারিধারার ‘জে’ ব্লকের ৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ ট্যাংকে কপিলের লাশ পাওয়া যায়।