খুনের পর মোটরসাইকেল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গত ২০ জুন রাতে খুন হন মোটরসাইকেল চালক চান মিয়া। লুট হয় ভাড়ায় চালিত তাঁর মোটরসাইকেল। ১২ আগস্ট বরগুনার আমতলী উপজেলায় ওই মোটরসাইকেল বিক্রির সময় শাহীন হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহীন আমতলীর আরপাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। তাঁকে গত মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বরগুনা জেলহাজতে পাঠানো হয়।
শাহীনকে গ্রেপ্তারকারী আমতলী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করেছেন, মোটরসাইকেলটি দীঘিনালা থেকে ছিনতাই করেছেন। কাউকে হত্যার কথা স্বীকার করেননি। দীঘিনালা থানা থেকে হত্যাসংক্রান্ত তথ্য পেলে শাহীনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আপাতত তাঁকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে।
নিহত চান মিয়ার বাড়ি দীঘিনালার কবাখালী গ্রামের মুসলিম পাড়ায়। ওই পাড়ার আবদুল কাদের বলেন, ‘আমার মামা আবদুস সাত্তার ওই মোটরসাইকেলে যাত্রী নিয়ে গিয়ে খুন হন।’ মোটরসাইকেলটি উদ্ধারের পর দুই মাস আগে দৈনিক ২৫০ টাকা ভাড়ায় চান মিয়াকে দেওয়া হয়। ভাড়ার টাকা দিয়ে সাত্তারের বাবা, মা, স্ত্রী ও সন্তানদের সংসার চলত। একই মোটরসাইকেলের কারণে খুন হন চান মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, আমতলীতে গ্রেপ্তার হওয়া শাহীন দুই মাস আগে দীঘিনালার উত্তর পাবলাখালী গ্রামে তাঁর আত্মীয় আবদুর রশিদ মুন্সীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে কয়েক দিন থেকে দেড় মাস আগে তিনি আমতলী চলে যান।