খুনের পরিকল্পনাকারী সাংসদের ঘনিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অভয়নগরের আওয়ামী লীগ নেতা মোল্যা ওলিয়ার হত্যার মূল পরিকল্পনাকারী মাদক ব্যবসায়ী প্রসেন রায় এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, দুই আসামির জবানবন্দিতে নাম আসার পরও স্থানীয় সাংসদ (যশোর-৪) রণজিৎ কুমার রায়ের ঘনিষ্ঠ হওয়ায় প্রসেন রায়ের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনার আট মাস পরও এ হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী, এলাকাবাসী ও মোল্যা ওলিয়ারের স্বজনদের অভিযোগ, প্রসেন রায়ের মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে ওলিয়ারকে খুন করা হয়েছে। আর প্রসেন রায় সাংসদ রণজিৎ কুমারের ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত।
রণজিৎ কুমার রায় প্রথম আলোর কাছে দাবি করেন, প্রসেন রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ সত্য নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের মোল্লা দাবি করেন, প্রসেন রায় ঘটনার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা ওলিয়ারকে গত বছরের ২৩ নভেম্বর সকালে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পরদিন তাঁর স্ত্রী নূরজাহান বেগম অভয়নগর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২৪ নভেম্বর রাতে একটি মাছের ঘেরের টংঘর থেকে জাহিদুল ইসলাম ওরফে রুবেলকে আটক করে। এরপর পুলিশ আরও ১১ জনকে গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে ১৮টি গুলিসহ দুটি বন্দুক উদ্ধার করে পুলিশ। বন্দুক দুটি খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে পুলিশের করা পৃথক অস্ত্র মামলায় বলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন—জাহিদুল (২২) ও আল আমিন ফরাজি ওরফে সুমন (২৩) ওলিয়ার হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আরেকজন শিশির মণ্ডল (২৫) পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দিতে জাহিদুল ইসলাম বলেন, ‘পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন প্রসেনদা। তিনি প্রায়ই ফোনে একজনের সঙ্গে দাদা-দাদা বলে কথা বলতেন।’
আল আমিন ফরাজি তাঁর জবানবন্দিতে বলেন, ঘটনার ১৫ দিন আগে প্রসেন রায়ের (৩৮) নেতৃত্বে ওলিয়ার হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়। হত্যাকাণ্ডের আগে-পরে প্রসেন এ বিষয়ে সাংসদ রণজিৎ কুমারের একান্ত সহকারী সচিব (এপিএস) সুকুমার আঢ্য, অভয়নগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর রবীন অধিকারী ওরফে ব্যাচা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত কুমার দাসের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
জানতে চাইলে সুশান্ত কুমার দাস দাবি করেন, তিনি এ খুনের সঙ্গে জড়িত নন, রাজনৈতিক কোন্দলের কারণে তাঁদের নাম এসেছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে সুকুমার আঢ্য ও রবিন অধিকারীর বক্তব্য নেওয়া যায়নি। তবে সুকুমারের সমর্থনে সাংসদ রণজিৎ প্রথম আলোকে বলেন, তাঁর এপিএস সুকুমারকে নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে হয়। এ মামলার অভিযুক্ত ব্যক্তিদের কারও সঙ্গে কথা হতেই পারে। তার মানে এই নয় যে সুকুমার খুনের সঙ্গে জড়িত। তিনি বলেন, তিনি মোল্যা ওলিয়ারের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। খুনের সঙ্গে কে বা কারা জড়িত তা তিনি জানেন না।
এদিকে এ খুনের আট মাস পরও মামলার অভিযোগপত্র না দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ক্ষুব্ধ। এরই মধ্যে গত ১০ জুন আওয়ামী লীগের অভয়নগর উপজেলার সভাপতি শেখ আবদুল ওহাব, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল এবং নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি রফিকুল ইসলাম সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। তাতে দলের পক্ষ থেকে তাঁরা হত্যার পরিকল্পনাকারী প্রসেন রায়সহ এর মদদদাতা ও ভাড়াটে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপিতে বলা হয়, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই খুনের মদদদাতা হিসেবে সাংসদের এপিএস সুকুমার, সাংসদের ঘনিষ্ঠ রবিন অধিকারী ও সুশান্ত কুমার দাসের নাম প্রকাশ হওয়ার পর থেকে পুলিশের তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোর কাছে দাবি করেন, পুলিশের তৎপরতা বন্ধ হয়নি। পুলিশ খুনিদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে। তদন্ত কার্যক্রম চলছে।
তবে পুলিশের অপর একটি সূত্র বলছে, খুনের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা ধরা পড়েছে। খুনে ব্যবহৃত মোটরসাইকেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তারপরও পুলিশ অভিযোগপত্র দিতে পারছে না রাজনৈতিক প্রভাবের কারণে।
এরই মধ্যে ওলিয়ারের স্ত্রী নূরজাহান বেগম, ভাই বকশিয়ার রহমান এবং ওলিয়ারের রাজনৈতিক সতীর্থরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে খুনের বিচার চেয়েছেন। নূরজাহান বেগম প্রথম আলোকে বলেন, স্বামীর মৃত্যুর পর তিনি আর্থিক কষ্টে পড়েছেন। তিনি বলেন, ‘ছেলেপুলে নিয়ে দুটা ভাত খায়ে বাঁচতি পারি। সে ব্যবস্থাও উনি করি যাননি।’
ওলিয়ারের ভাই বকশিয়ার রহমান বলেন, ‘জনপ্রতিনিধির শেল্টার, বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ—এসব দেখে আমরা মামলা করতে চাইনি। পরে পুলিশের অনুরোধে মামলা করি। প্রশাসন আর কোনো খোঁজ করেনি।’
মুক্তিযোদ্ধা ওলিয়ার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর। তিনি অভয়নগর উপজেলা শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। তাঁকে হত্যার পর এখানকার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে এবং মিছিল ও মানববন্ধন করেছে।
৫ আগস্ট দেশের অন্যতম ব্যস্ত এই ব্যবসাকেন্দ্রে ঘাটশ্রমিকদের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। ভৈরব নদে ভেড়া জাহাজ থেকে পণ্য খালাসের ফাঁকে আবদুর রাজ্জাক জিরিয়ে নিচ্ছিলেন। তিনি বলেন, ‘ওলিয়ার ভাইয়ের খুনিদের বিচার হলি সবচেয়ে খুশি হতেন ঘাটশ্রমিকেরা। যখনই শ্রমিকগের কিছু হয়িছে, বুক পাতি দাঁড়ায়েছে। কিন্তু খুনের বিচার হবি কি না, সে জানে কেবল আল্লাহ তাআলা।’
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযোগ, সাংসদ ও তাঁর ঘনিষ্ঠজনদের প্রশ্রয়ে এলাকায় মাদক ব্যবসা বেড়ে গিয়েছিল। নাম প্রকাশ অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘মাদকের বিষয়ে কথা বলতি অক্টোবরের ১০ তারিখ আমরা এমপিকে (সাংসদ রণজিৎ) নিয়ে বসিছিলাম। ওলিয়ার এমপিকে বলল, আপনি প্রসেনকে পুলিশে দেন, সে আপনার লোক। মাদক তো সে-ই বিক্কিরি করছে, ছড়াচ্ছে। এতে এমপি রেগে ওঠেন এবং এক পুলিশ কর্মকর্তাকে ডেকে নিয়ে জানতে চান, প্রসেনকে কেন ধরা হচ্ছে না। তখন ওই পুলিশ কর্মকর্তা সবার সামনেই বলেন, “আপনি চাইলেই প্রসেনকে ধরা সম্ভব।”’
আওয়ামী লীগের ওই নেতা দাবি করেন, ওই বৈঠকে সাংসদ দাবি করেন যে প্রসেনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তখন উপস্থিত নেতারা প্রত্যেকে তাঁদের মুঠোফোন নম্বর দিয়ে ওই পুলিশকে অনুরোধ করেন, কার সঙ্গে মাদক নিয়ে প্রসেনের কথা হয়, নম্বরগুলো অনুসরণ করে তা বের করতে। পরে ওই পুলিশ কর্মকর্তা নেতাদের জানান, ওই বৈঠক শেষে সাংসদ প্রসেনকে না ধরার নির্দেশ দিয়ে যান।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন, এমন তিনজন নেতার সঙ্গে ৫ আগস্ট এ প্রতিবেদকের কথা হয়। তাঁদের বিশ্বাস, ওই বৈঠকের পরই ওলিয়ারকে হত্যার পরিকল্পনা করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্যা প্রথম আলোকে বলেন, ‘ওলিয়ারের ছেলেমেয়েরা দেখলেই জিজ্ঞেস করে, “কাকু, বিচার হবে না?” কী বলি, বলেন তো দেখি? এত লজ্জা লাগে।’