খুনের বদলে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর তিনেক আগের কথা! বড় মেয়ে নৃশংসভাবে খুন হলে মেজো মেয়ের জামাইকে সেই খুনে জড়িত সন্দেহে অভিযুক্ত করা হয়। এ মামলায় আড়াই বছর কারাগারে থাকার পর কয়েক মাস আগে মেজো মেয়ের জামাই জামিনে মুক্তি পান। এরপর তাঁকে বাড়িতে ডেকে গলা কেটে হত্যা করেন তাঁর শ্বশুর। গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার উত্তর ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল হক গত শুক্রবার রাত আটটার দিকে বাড়িতে তাঁর মেয়েজামাই পশিরুল ইসলামকে (২৮) ডেকে আনেন। এরপর পরিবারের সদস্যরা মিলে ধারালো ছোরা দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করে। এর আগে তাঁর শরীরে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। পশিরুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। তাঁরা বাড়ির আঙিনায় পশিরুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা নুরুল হকসহ পরিবারের পাঁচজনকে আটকে রাখেন। থানায় খবর দিলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পশিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত অভিযোগে পশিরুলের শ্বশুর নুরুল হক (৫৫), শাশুড়ি মাজেদা বেগম (৪৫), স্ত্রী নারগিস বেগম (২২), শ্যালিকা শাপলা (১৫) ও নাজমা বেগমকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা লেদা মোহাম্মদ ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল হকের বড় ও মেজো মেয়ের বিয়ে হয় ঠাকুরগাঁও সদর উপজেলার ফরিদপুর গ্রামে। ২০০৮ সালে বড় মেয়ে শাহেরা খাতুন খুন হন। মেয়ে হত্যা মামলায় মেজো জামাই পশিরুলকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সে সময় পশিরুলের স্ত্রী নারগিস স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে ওঠেন। এর পর থেকে তিনি সেখানেই বসবাস করতে শুরু করেন। এদিকে আড়াই বছর কারাগারে আটক থাকার পর কয়েক মাস আগে পশিরুল জামিনে মুক্তি পান।ঠাকুরগাঁও সদর থানাহাজতে আটক নুরুল হক হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, ‘বড় মেয়েকে হত্যার পর থেকে পশিরুলের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক শেষ হয়ে যায়। কিন্তু এর পরও সে বাড়িতে এসে বিরক্ত করত। শুক্রবার সকালে পশিরুল বাড়িতে এলে তাকে বাড়িতে না আসতে অনুরোধ করি। রাতে আবারও এলে রেগে গিয়ে এ কাজ করেছি।’ তবে এ হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।হাজতে আটক নিহত পশিরুলের স্ত্রী নারগিস বেগম বলেন, ‘নিষেধ করার পরও পশিরুল রাতের বেলায় বাড়িতে এলে বাবা তাকে কুপিয়েছে। এ ঘটনায় বাড়ির অন্যরা জড়িত নয়।’মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার রুহিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, ধারণা করা হচ্ছে, বড় মেয়ে শাহেরা খাতুনের হত্যার প্রতিশোধ নিতেই নুরুল হক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, নুরুল হক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অভিযোগে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।