খুনের মামলার আসামি ছেড়ে দিলেন ওসি!
একটি হত্যা মামলার এফআইআরভুক্ত (প্রাথমিক তথ্য বিবরণী) আসামিকে গ্রেপ্তার করে থানাহাজতে ঢোকানোর ঘণ্টা খানেক পর ছেড়ে দিয়েছে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ।ওই আসামির নাম ওয়াসেল মিয়া (২৫)। তাঁকে সোমবার রাতে স্থানীয় চামটা বাজার থেকে ধরা হয়েছিল বলে মামলার বাদী ও এলাকাবাসী জানিয়েছেন। আসামির বাবা মো. আজিজুল হক স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলে জানা গেছে।সোমবার রাত পৌনে ১০টায় মুঠোফোনে জানতে চাইলে ওসি খন্দকার জাহিদুল ইসলাম আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছিলেন, ‘অটোবাইকের চালক রুবেল হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’গতকাল মঙ্গলবার বেলা একটায় ওসি বলেন, ‘আসামির বয়স কম। তার ওপর সে একজন দাখিল পরীক্ষার্থী। এফআইআরভুক্ত আসামি হলেও তার বিরুদ্ধে খুনের সঙ্গে সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। সেটি বিবেচনায় নিয়ে তাকে থানা থেকে জামিন দেওয়া হয়েছে।’প্রসঙ্গত, ওই মামলার তদন্তকাজ এখনো শেষ হয়নি।এ ঘটনার পর মামলার বাদী মোন্তাজ আলী হতাশা প্রকাশ করে বলেন, ‘রোজাগারি ছেড়াডা খুন অইল। পুলিশ আসামি ধইরাও ছাইড়া দিছে। অহন আফনেরা কইন, আমরার মত মাইনষের পক্ষে আইন কোনো দিন কথা কইব।’