চট্টগ্রামে বিলবোর্ডে জোড়া খুনের মামলার আসামি বাবরের প্রচারণা
খুনের মামলার আসামির নেতৃত্বে ছাত্ররা ঐক্যবদ্ধ!
চট্টগ্রামে এবার জোড়া খুনের মামলার আসামি হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের ছবিসহ বিলবোর্ড টাঙানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, তাঁর ‘নেতৃত্বে চট্টলার ছাত্র ও যুবসমাজ ঐক্যবদ্ধ’। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই নগরের পাঁচটি এলাকায় এসব বিলবোর্ড টাঙানো হয়েছে। বিলবোর্ডের ডান দিকের প্রায় পুরো অংশজুড়ে রয়েছে তাঁর ছবি।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র নিয়ে যুবলীগের নেতা বাবর ও ছাত্রলীগের নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিশুসহ দুজন নিহত হয়। এই ঘটনার পর বাবরকে গ্রেপ্তার (বর্তমানে জামিনে রয়েছেন) করা হয় এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। লিমনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
বহিষ্কৃত নেতার বিলবোর্ডে প্রচারণার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন ওরফে বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘বাবর যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার হয়েছিলেন। পরে কেন্দ্র তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বলে শুনেছি।’ তিনি বলেন, রাজনৈতিক নেতাদের অনেকেই এভাবে নিজেদের প্রচারণা চালান। বাবর রাজনীতি করেন। তিনিও সেভাবে প্রচারণা চালাচ্ছেন।
বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে কি না, তা জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।’
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম প্রেসক্লাব ও ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দুটি, নন্দনকানন বৌদ্ধমন্দির, লাভলেইন এবং তিনপোলের মোড়ে বাবরের একটি করে বিলবোর্ড টাঙানো হয়েছে। এসব এলাকায় দুই ধরনের বিলবোর্ড টাঙানো হয়েছে। একটি বিলবোর্ডে বাবরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকেরও ছবি রয়েছে। এতে লেখা রয়েছে ‘...নেতৃত্বে চট্টলার ছাত্রসমাজ ঐক্যবদ্ধ’। অন্য বিলবোর্ডে বাবরের নামে ভুল বাক্য ও বানানে লেখা হয়েছে, ‘আসুন বিজয় দিবসের আগমনে, শহীদের সম্মানে এবং রাজাকারদের শাস্তির আবেদন নিয়ে এক পতাকা তলে দাড়াঁয়।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে টাঙানো বিলবোর্ডে বাবরের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির ছবি রয়েছে। জানতে চাইলে ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ওই বিলবোর্ডে আমার ছবি কারা লাগিয়েছেন তা জানি না। আমি ছাত্রলীগের রাজনীতি করি। আমার বিচরণ কেবল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নগরের কোনো বিলবোর্ডে প্রচারণার সঙ্গে আমার ন্যূনতম সম্পৃক্ততা নেই।’
এর আগে চট্টগ্রাম নগরে খুনের মামলা প্রত্যাহারে দাবিতে বিলবোর্ড টাঙান এক আসামি। এ ছাড়া শিবিরের ক্যাডার ও অস্ত্র মামলার এক আসামি নিজেকে যুবলীগের নেতা দাবি করে নগরে বিলবোর্ড টাঙান। এ নিয়ে ৭ ও ১১ ডিসেম্বর প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিলবোর্ড টাঙানোর বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে বাবর প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি। কিছু কর্মী আমার নামে বিলবোর্ড টাঙিয়েছে বলে শুনেছি, কিন্তু দেখিনি। তবে বিলবোর্ডে আপত্তিকর কোনো বক্তব্য নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।
জোড়া খুনের ঘটনায় বাবর, লিমনহ ৬২ জনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে চট্টগ্রাম মহানগর হাকিম অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে পাঠায়। এখন মামলাটি পিবিআই তদন্ত করছে।
বিলবোর্ডে খুনের মামলার আসামির প্রচারণার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমেদুল হক প্রথম আলোকে বলেন, ‘এসব বিলবোর্ডের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে ছবি লাগিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন।’