মোটরগাড়ি ও মোটরসাইকেলের মহড়া দিয়ে ঢাকা-১২ (তেজগাঁও) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন রফিকুল ইসলাম। তিনি যুবলীগের সহসম্পাদক। সাম্প্রতিক সময়ে রফিক বিশেষভাবে আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যাকাণ্ডের কারণে।
মাস কয়েক আগে গুলশানের একটি শপিং মলের সামনে সিনেমা স্টাইলে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় রিয়াজুলকে। ওই ঘটনায় র্যাবের তদন্তে রফিকুলকে অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। গণমাধ্যমে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। মনোনয়নপত্র কেনার লক্ষ্যে রফিকের গতকালের শোডাউন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের অনেক নেতা-কর্মীর মধ্যে কানাঘুষার জন্ম দেয়।
চতুর্থ দিনে গতকাল বুধবার আরও ২৯৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৭৬৯টি। এ পর্যন্ত জমা পড়েছে এক হাজার ২৯১টি মনোনয়নপত্র। ১৬ নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম। প্রয়োজন হলে তা বাড়ানো হবে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। আগামী শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয় ৬৭৮টি এবং দ্বিতীয় দিন ৪৭৬টি, তৃতীয় দিন ৩২২টি এবং চতুর্থ দিন বুধবার ২৯৩টি ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নপত্র সংগ্রহকারীদের অনেকেই রাজনীতির মাঠে নতুন। অনেকের নাম নগরবাসী এই প্রথম শুনেছে।
গতকালও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ছিল মুখর। ঢাকঢোল পিটিয়ে অনেকেই মনোনয়নপত্র নিতে এসেছেন। গতকাল যেসব নেতা মনোনয়নপত্র ক্রয় করেন, তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা-১৮), সতীশ চন্দ্র রায় (দিনাজপুর-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), মির্জা আজম (জামালপুর-৩), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), তারেক শামস হিমু (টাঙ্গাইল-৬), সেকেন্দার আলী (নীলফামারী-৪), মঈন উদ্দিন মঈন (ব্রাহ্মণবাড়িয়া-২), বাকি বিল্লাহ (পাবনা-৩) প্রমুখ।
১০ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ওই দিন থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতাল শুরু। কিন্তু গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মিছিল, স্লোগান ও মোটরসাইকেল মহড়ায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ-সংলগ্ন এলাকায় হরতালের চিত্র পাল্টে যায়।
গতকালের মনোনয়নপত্র বিক্রি শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস চতুর্থ দিনের এসব তথ্য তুলে ধরেন। চতুর্থ দিনের মনোনয়নপত্র বিক্রির ৭৩ লাখ ২৫ হাজার টাকা দলের সংসদীয় বোর্ডের কাছে জমা হয়েছে বলেও তিনি জানান।