স্ত্রীকে খুনের মামলায় অভিযুক্ত ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলামকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হলেও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।জহিরুল ইসলাম ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় ক্ষুদ্র সেতু-কালভার্ট নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী। অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক জহিরুল হক স্বাক্ষরিত ২০১০ সালের ১২ অক্টোবরের অফিস আদেশে তাঁকে চাকরিতে পুনর্বহালের পক্ষে যুক্তি হিসেবে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত ও স্থায়ী জামিন মঞ্জুর করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে আইনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মামলা নিষ্পত্তি না হওয়ায় এবং হাইকোর্ট মামলার ওপর স্থায়ী স্থগিতাদেশ না দেওয়ায় পুনর্বহালের বিষয়টি সঠিক হয়নি। এমন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মামলা নিষ্পত্তির আগে চাকরিতে পুনর্বহালের ঘটনা তাঁদের জানামতে নজিরবিহীন।এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট জহিরুল ইসলামকে জামিন দিয়েছেন। তাই তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।’২০১০ সালের অক্টোবরে হাইকোর্ট তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশালে করা হত্যা মামলার এজাহারে বলা হয়, জহিরুল ইসলাম বরিশালের একটি হোটেলে স্ত্রী নাজমা জহিরকে গলা কেটে হত্যা করেন। মামলাটি করেন নাজমার বোন নিলুফার আইরিন। এ মামলায় জহিরুল গ্রেপ্তার হন এবং পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বরিশাল ২২ ফেব্রুয়ারি তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।এদিকে, জহিরুল ইসলামের প্রবাসী মেয়ে নাজিয়া জহির তাঁর বাবার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে ২০১০ সালের মে মাসে নারাজি দরখাস্ত দেন। আদালত তা আমলে না নিলে নাজিয়া নালিশি মামলা করেন। আগস্ট মাসে নাজিয়ার মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। হাইকোর্ট বিভাগ দ্বিতীয় মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে থাকা জহিরুল ইসলামের মামলার কার্যক্রম স্থগিত করেন। দ্বিতীয় মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল সিআইডির পরিদর্শক উ থান প্রথম আলোকে বলেন, দ্বিতীয় মামলাটি পুনরায় তদন্তাধীন আছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত কারাবন্দী সরকারি কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে সাময়িক বরখাস্ত বলে বিবেচিত হবেন এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত শুধু খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের অফিস স্মারক অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পেলেও মামলা শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তই থাকবেন।জহিরুল ইসলাম বলেন, ‘আমি প্রকল্পে কাজ করেছি। প্রকল্প পরিচালক আমাকে পুনর্বহাল করেছেন। তাই সরকারি নিয়মকানুন আমার বেলায় প্রযোজ্য নয়।’ ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন দিন পুলিশের মার খেলে এ ধরনের জবানবন্দি দেওয়া ছাড়া উপায় থাকে না।’নিলুফার আইরিনের আইনজীবী সৈয়দ হাসীনুল আবেদীন বলেন, ‘জহিরুল ইসলামের চাকরিতে পুনর্বহাল কোনোভাবেই আইনসংগত হয়নি। কেননা, তাঁর মামলার নিষ্পত্তি হয়নি বা হাইকোর্ট স্থায়ী স্থগিতাদেশ দেননি। এ ছাড়া সরকারি বিধানে সাময়িকভাবে চাকরিতে পুনর্বহালেরও বিধান নেই।’ তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট যেহেতু মামলাটির স্থগিতাদেশ দিয়েছেন, সে ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে চাকরিতে পুনর্বহাল করতে পারে।