চট্টগ্রাম নগরে দিঘিতে ড্রামের ভেতর থেকে যুবলীগ কর্মীর লাশ উদ্ধারের মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আসামি আদালতে জবানবন্দি দিলেও বেশ কিছু তথ্য এড়িয়ে গেছেন। এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত এখনো উদ্ধার করা যায়নি। এ জন্য অমিতকে রিমান্ডের আবেদন করা হয়েছে। কয়েক দিনের মধে৵ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হতে পারে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, এই মামলায় গ্রেপ্তার ইমাম হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানির জন্য এখনো তারিখ পড়েনি। রিমান্ড মঞ্জুর হওয়ার পর অমিত ও ইমামকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ঘটনার শুরু গত ১৩ আগস্ট। সেদিন নগরের এনায়েতবাজারের রাণীরদীঘিতে গোসল করার সময় এক ব্যক্তি ড্রামটি শনাক্ত করেন। পরে পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে। এই মামলা তদন্ত করতে গিয়ে গত ৩১ আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা পুলিশকে বলেন, ড্রামের ভেতরে পাওয়া লাশটি অমিতের বন্ধু ইমরানুল করিমের। ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের বাসায় ইমরানুলকে অমিত ডেকে নিয়ে বাসার ভেতরেই হত্যা করে। এরপর ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরে একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন। পরদিন তিনি আদালতে জবানবন্দি দেন। এতে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধু ইমরানুলকে খুন করা হয় বলে জানান।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় অমিতকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তায় অমিতকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।