নাটোরের যুবলীগের তিন নেতা-কর্মী খুনের রহস্য উদ্ঘাটনে প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন নাটোরের সাংসদ শফিকুল ইসলাম ও স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। এতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দিয়ে উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেন তাঁরা।
নাটোর শহরের কানাইখালী মাঠে গতকাল মঙ্গলবার সকালে যুবলীগের ওই তিন নেতা-কর্মীর জানাজার আগে দেওয়া বক্তব্যে এ হুমকি দেওয়া হয়। গত সোমবার নাটোরের এই তিনজনের গুলিবিদ্ধ লাশ দিনাজপুরে উদ্ধারের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাপাড়া থেকে সোমবার রেদোয়ান সাব্বির, আবদুল্লাহ আকন্দ ও সোহেল রানার গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর ওই দিন রাত একটার দিকে লাশগুলো নাটোরে নিয়ে আসা হয়। পরে গতকাল সকাল সাড়ে ১০টায় কানাইখালী মাঠে জানাজায় নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলামসহ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা শেষে তিনজনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে সাংসদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে সাংসদ শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে আবদুল্লাহ ও সোহেলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সাব্বিরের বিরুদ্ধে কিছু মামলা থাকলেও তিনি খারাপ ছেলে ছিলেন না। অথচ তাঁদের অপহরণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনা দলের অভ্যন্তর থেকে হতে পারে; বিরোধী দলের ষড়যন্ত্রেও হতে পারে। এসব ব্যাপারে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আবার প্রশাসনের জড়িত থাকার কথাও উঠেছে। টাকা দিয়েও তাদের হত্যা করানো হতে পারে।
সাংসদ শফিকুল বলেন, সত্য ঘটনা উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। তিনি ন্যায্য বিচারের আশ্বাস দিয়েছেন। শফিকুল বলেন, ‘আমরা প্রশাসনকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। আমার বিশ্বাস, তাঁরা তা করে দেখাবেন। না হলে নাটোর জেলা, থানা ও পৌর যুবলীগ কঠোর কর্মসূচি গ্রহণ করে উত্তরাঞ্চল অচল করে দেবে।’ তিনি জানাজায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ অন্যায় করলে আইন অনুসরণ করে ব্যবস্থা নেবেন।’
সাংসদের বক্তব্যের পর পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, খুনের ঘটনাটি তাঁদের কাছে এখনো অস্পষ্ট। তাঁরা প্রশাসনের কাছে স্পষ্ট ধারণা আশা করেন। অবশ্যই প্রশাসন খুনিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। তা না হলে ৭২ ঘণ্টা পর যানবাহন বন্ধ করে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন গতকাল বিকেল সোয়া চারটার দিকে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।