খুনের রাজনীতিকে বিদায় দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয়। আজ শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে খুন ও খুনের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া। এ জন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ জামাল সেনাবাহিনীর একজন মেধাবী অফিসার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সংস্কৃতিমনা ছিলেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাকে কেন হত্যা করা হলো! এই খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের থাবা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে তা মোকাবিলা করছেন, আজ সমগ্র বিশ্ব তাঁর প্রশংসা করছে। তিনি বলেন, এটা রাজনীতির সময় নয়, সকলে মিলে জনগণের পাশে দাঁড়াবার সময়।
মন্ত্রী এ সময় শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।