খুনের ২৮ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়-ছাত্রের পরিচয় মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ছাত্র শাহাদাত হোসেন ওরফে লিটন। ছবি: শহীদুল ইসলাম
নিহত ছাত্র শাহাদাত হোসেন ওরফে লিটন। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীতে ছাত্রাবাসে খুন হওয়া তরুণের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর নাম শাহাদাত হোসেন ওরফে লিটন।
খুনের ২৮ ঘণ্টা পরে পত্রিকার খবরের সূত্র ধরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে শাহাদাতের আত্মীয়স্বজন রাজশাহী মেডিকেল কলেজের হিমাগারে গিয়ে তাঁর  লাশ শনাক্ত করেন। তাঁর বাবার নাম লোকমান হোসেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর থানার দেবীপুরে।
গত শুক্রবার রাত আটটার দিকে রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার একটি নির্মণাধীন বাড়ির ছাত্রাবাসে ডেকে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁকে জবাই করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই এলাকাবাসী চার ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁদের মধ্যে দুজন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কিন্তু নিহত তরুণের পরিচয় বলতে পারেননি।
এর পর থেকে ওই তরুণের লাশ মেডিকেল কলেজের হিমাগারে পড়ে ছিল। পুলিশের পক্ষ থেকে নগরে মাইকিং করা হয়। থানায় থানায় বার্তা পাঠানো হয়। পরে পরিবার লাশ শনাক্ত করেন।

মর্গের সামনে সহপাঠীদের কান্না। ছবি: শহীদুল ইসলাম।
মর্গের সামনে সহপাঠীদের কান্না। ছবি: শহীদুল ইসলাম।

নিহত শাহাদাত হোসেনের বাবা লোকমান হোসেন একজন স্কুলশিক্ষক। গতকাল মেডিকেল কলেজের মর্গের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর দুই মেয়ে ও এক ছেলে। শাহাদাত মেজো ছেলে।  রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় তিনি একটি বাড়ি করেছেন। সেখানে বড় বোনের সঙ্গে থেকে ছেলে পড়াশোনা করতেন। দুই বছর আগে বোন চাকরি নিয়ে চলে গেলে ছেলে একাই থাকতেন। নিজেই রান্না করে খেতেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন ছেলে একটা ফ্রিজের আবদার করেছিলেন। তিনি ছেলেকে বলেছিলেন, সামনে ঈদের বোনাস পেলে ফ্রিজ কিনে দেবেন। এরপর আর তাঁকে ফোনে পাওয়া যায়নি। বাবা লোকমান হোসেন জানান, অনেক সময় ক্লাসে বা গবেষণাগারে থাকলে শাহাদাত ফোন বন্ধ করে রাখতেন। তাঁরা ভেবেছিলেন পরে হয়তো ফোন খোলা পাওয়া যাবে। কিন্তু গতকাল শনিবার সারা দিন তাঁকে ফোনে না পেয়ে মা নার্গিস বেগম উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজশাহী শহরে শাহাদাতের মামা ওমর ফারুক ও খালু হাসান আলী থাকেন। বিষয়টি তাঁদের জানানো হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা তেরখাদিয়ার বাসায় গিয়ে তালা মারা দেখে দুশ্চিন্তায় পড়েন। পত্রিকায় খুনের একটা খবর ছাপা হয়েছে দেখে রাত ১০টার দিকে তাঁর মামা ও খালু রাজপাড়া থানায় যোগাযোগ করেন। রাত ১২টার দিকে মেডিকেল কলেজের হিমাগারে গিয়ে তাঁরা লাশ শনাক্ত করেন। তাঁর বাবা বলেন, ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রাত তিনটার দিকে তিনি রাজশাহী শহরে চলে যান।

শাহাদাত হোসেনের লাশ পাওয়ার খবর শুনে তাঁকে একনজর দেখার জন্য সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের মর্গের পাশে ভিড় করতে থাকেন। সহপাঠীরা সবাই ছিলেন অশ্রুসিক্ত। সহপাঠী আবু খানেম বলেন, ‘ও আমাদের খুব ভালো বন্ধু ছিল। গত বৃহস্পতিবার শেষবার ক্লাস করেছে। তারপর আর কোনো কথা হয়নি। গতকাল শনিবার রাতেও আমরা খোঁজ নিয়ে জেনেছি, শাহাদাত নিখোঁজ।’ শিক্ষক ইসমাইল হোসেন বলেন, শাহাদত হোসেন অত্যন্ত বিনয়ী ছিলেন। নিয়মিত ক্লাস করতেন। তাঁর সঙ্গে কখনো কারও বিরোধের কথা শোনা যায়নি। এ ঘটনায় তাঁরা মর্মাহত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবার কান্না। ছবি: শহীদুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবার কান্না। ছবি: শহীদুল ইসলাম।

আটক চার যুবকের মধ্যে দুজন খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁরা হলেন আবুল হোসেন ও আশরাফুজ্জামান ওরফে রাব্বি। তাঁদের বাড়ি জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল গ্রামে। ওই এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আবুল হোসেনের বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ রয়েছে। আর আশরাফুজ্জামান বাবা-মায়ের অবাধ্য ছেলে হিসেবে এলাকায় পরিচিত।দুপুর ১২টার দিকে শাহাদাত হোসেনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বন্যাকবলিত হওয়ায় জানাজা শেষে বিকেলে রাজশাহী নগরের হেতেম খাঁ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম রেজাউল ইসলাম বলেন, গতকাল শনিবার এ ঘটনায় উপপরিদর্শক এ এম ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার  আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।