খুনোখুনি লুটের অস্ত্রে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উজেলার জারলিয়া জলমহাল নিয়ে গত মাসে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহত তিনজনের শরীরে পাওয়া গুলির সঙ্গে সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ আগে দিরাইয়ে বিএনপির সাবেক সাংসদের বাড়ি থেকে লুট হওয়া অস্ত্রের গুলির মিল আছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
জারলিয়া জলমহালের দখল নিয়ে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া এবং হাতিয়া গ্রামের বাসিন্দা দিরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের পক্ষের লোকদের মধ্যে গত ১৭ জানুয়ারি সংঘর্ষ হয়। মোশারফ স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের অনুসারী। একরার জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের অনুসারী। জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বর্তমানে সুরঞ্জিত ও মতিউরকে নিয়ে বিভক্তি আছে।
জারলিয়ার সংঘর্ষে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলনগর গ্রামের সাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০) নিহত হন। সংঘর্ষে আহত হন ২২ জন।
জলমহালে সংঘর্ষের আগে গত ৩১ ডিসেম্বর রাতে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর দিরাই পৌর শহরের বাড়ি থেকে তত্ত্বাবধায়ক লিলু মিয়াকে (১৭) খুন করে লাইসেন্স করা দুটি অস্ত্র লুট হয়। এর একটি বন্দুক, অন্যটি পিস্তল। ঘটনার রাতে নাছির ও তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
তত্ত্বাবধায়ক খুন ও অস্ত্র লুটের ঘটনায় দিরাই থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নাছিরের ভাই মইনুদ্দিন চৌধুরী মামলা করেন। এরপর পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে। কিন্তু লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
জলমহালে সংঘর্ষের পর ১৯ জানুয়ারি দিরাই থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। হত্যার অভিযোগে একরার হোসেনের করা মামলায় পৌর মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯ জনকে আসামি করা হয়। আর জলমহাল লুটপাটের অভিযোগে পাল্টা মামলাটি করেন মোশারফের লোক হিসেবে পরিচিত নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাশ। এতে একরারসহ ২৯ জনকে আসামি করা হয়।
সিলেট কোতোয়ালি ও দিরাই থানার পুলিশের তিনজন কর্মকর্তা জানান, ময়নাতদন্তকালে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ থেকে পাঁচটি গুলি বের করা হয়। এই গুলি লাইসেন্স করা পিস্তলের। এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় পুলিশ মনে করছে, জলমহাল নিয়ে দুই পক্ষের যেকোনো একটি পক্ষ ওই অস্ত্র লুটের ঘটনায় জড়িত।
নিহত উজ্জ্বল মিয়া একরারের আত্মীয়। নিহত অন্য দুজনও তাঁর দূর সম্পর্কের আত্মীয়। বিষয়টি উল্লেখ করে দিরাই থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনই এক পক্ষের, তাই স্বাভাবিকভাবেই সন্দেহ তাঁদের প্রতিপক্ষের দিকেই রয়েছে।
জারলিয়ার সংঘর্ষে বন্দুকের ছররা গুলিবর্ষণ (শটগান) উভয় পক্ষ থেকে হয়েছিল ধারণা নিয়ে তদন্ত শুরু হয় উল্লেখ করে জেলা পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘সাবেক সাংসদের বাসার অস্ত্র লুটের ঘটনার প্রায় এক মাস ও জলমহালের সংঘর্ষের ঘটনার প্রায় দুই সপ্তাহ পর আমরা অনেকটাই নিশ্চিত যে জলমহালের সংঘর্ষে লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা অস্ত্র লুটের সঙ্গেও যুক্ত। শটগানের গুলিতে (ছররা গুলি) এভাবে মানুষ মারা যাওয়া সম্ভব নয়।’
দিরাই উপজেলায় লাইসেন্স করা ১৪৩টি বৈধ অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ। এই হিসাবের মধ্যে নাছির চৌধুরীর বাসা থেকে লুট হওয়া অস্ত্র দুটিও আছে। লুটের অস্ত্রে জারলিয়া জলমহাল দখলে খুনোখুনি কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ঘটনার তদন্তে অনেক বিষয় দেখতে হয়। তাই আমরা কোনো বিষয়কেই বাদ দিচ্ছি না। তদন্ত যথাযথভাবে এগোলে একই সঙ্গে অনেক কিছুই উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।’
তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, দিরাই উপজেলায় লাইসেন্স করা ১৪৩টি বৈধ অস্ত্র আছে। এর মধ্যে ৫১টি থানায় জমা আছে। এসব অস্ত্রের গুলি-সম্পর্কিত তথ্যও সংরক্ষিত আছে। লুট হওয়া অস্ত্রের গুলির তথ্যও পুলিশের হাতে আছে। জলমহালে সংঘর্ষে নিহতদের শরীর থেকে বের করা গুলির সঙ্গে লুটের অস্ত্রের গুলির মিল পেলে আলোচিত দুটি ঘটনা একই যোগসূত্রে নতুন মোড় নেবে।