খুব অস্বস্তিবোধ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কওমি মাদ্রাসার স্বীকৃতি, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের দাবি এবং বর্ষবরণ আয়োজনের বিরোধিতা—এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না দেশের বিশিষ্টজনেরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেছেন, মৌলবাদী শক্তির প্রতি একধরনের সমর্থন দেওয়া হচ্ছে।
রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

আমরা কোথায় যাব? কওমি মাদ্রাসার যে স্বীকৃতি দেওয়া হলো, তা স্পষ্ট নয়। এ দেশের মাটিতে শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে, তবে তাকে নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। একটি প্রতিষ্ঠান ইচ্ছামাফিক চলবে আর তার স্বীকৃতি দেওয়া হবে, তা গ্রহণযোগ্য নয়। যারা নারী নেতৃত্ব অস্বীকার করে, একজন নারী অধিকার নেত্রী হয়ে বলতে চাই, আমি খুব অস্বস্তিবোধ করছি। কারণ, এদের সঙ্গেই আপস করা হচ্ছে। বিভিন্ন বিষয়ে সমঝোতা করা হচ্ছে। তারা সরাসরি সংস্কৃতির ওপর হাত দিচ্ছে। এখন বলছে দেশের সব ভাস্কর্য ভাঙতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার ওপরেই তারা হাত দিতে চাচ্ছে। কী করে এগুলো গ্রহণযোগ্য হতে পারে?
পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণ করাও হচ্ছে সংস্কৃতির ওপর হাত দেওয়া। এই সংস্কৃতির কারণেই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। এ ধরনের নিয়ন্ত্রণকে অশনিসংকেত বলেই মনে করি। সরকারে এখন আওয়ামী লীগ। দলটি স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। তারা এমন আপসকামিতার ভূমিকা পালন করবে না বলেই বিশ্বাস, কেননা এ ধরনের আপসকামিতা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যসহ সবকিছুর ওপর অশুভ ছায়া ফেলবে। আমার মনে হয়, এ দেশের মানুষ এগুলো মেনে নেবে না। বাল্যবিবাহ আইনের বিশেষ ধারা, পাঠ্যপুস্তকে নানান পরিবর্তন—কোনো ক্ষেত্রেই জবাবদিহি নেই। এভাবে চলতে পারে না।
রাশেদা কে চৌধূরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা