খুব আনন্দে আছি: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে মৌলবাদ ও হরতালের রাজনীতি কার্যত অপসারিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিবাদের ভাষা যে শালীন হওয়া উচিত, সে কথা রাজনীতিবিদেরা বুঝতে পেরেছেন।
গতকাল শনিবার নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের ২৫ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলা উদ্বোধনের পর অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সদস্য হিসেবে তিনি অত্যন্ত সন্তুষ্ট। বললেন, ‘খুব আনন্দে আছি, এই আনন্দ নিয়ে চলে যেতে যাই’।
পরে, এক আলাপচারিতায় অর্থমন্ত্রী বর্তমান সরকারের সাফল্যের কয়েকটি দিক তুলে ধরেন। তিনি জানান, বিদ্যুৎ খাতে বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নেই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের অর্থনীতি বিশ্ব মন্দাবস্থার মুখেও ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এই ধারাবাহিকতায় আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার সাত শতাংশ অতিক্রম করবে বলে তিনি আশা করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, এর আগে যেসব খাতে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি, বর্তমানে সেসব খাত চিহ্নিত করে সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়া হচ্ছে। যে দুটি খাতের অগ্রগতি সন্তোষজনক নয়, তার একটি হলো মানবসম্পদের উন্নয়ন। তিনি জানান, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ এগিয়ে থাকলেও মাধ্যমিক শিক্ষাব্যবস্থা এখনো দুর্বল। ছাত্রসংখ্যা বাড়লেও শিক্ষার মান ‘খুবই দুর্বল’। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়।
মন্ত্রী বলেন, অন্য যে খাতের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে, সেটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্য খাতের প্রসার হয়েছে, কিন্তু পর্যাপ্ত স্বাস্থ্যসেবী নেই। চিকিৎসক ও সেবিকার যথেষ্ট অভাব রয়েছে। স্বাস্থ্য খাতে পরিবর্তনের লক্ষ্যে আগামী বাজেটে কিছু দিকনির্দেশনা থাকবে বলে অর্থমন্ত্রী জানান।
ওই অনুষ্ঠানে মুহিত তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘সোনালি দিনগুলি’ নিয়ে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।