
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অভিযোগপত্র দেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। তবে খুব দ্রুতই আদালতে অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা তাঁদের নেই৷ তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনের জবানবন্দিটি পূর্ণাঙ্গ ও তথ্যবহুল। অভিযোগ প্রমাণ করতে এটি তাঁদের খুব কাজে লেগেছে। কিন্তু শুধু এটিকেই প্রমাণ হিসেবে ধরছেন না তাঁরা৷ ঘটনা প্রমাণ করতে প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন তাঁরা। ফলে আসামি কখনো জবানবন্দি প্রত্যাহার করলেও বিচারকের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাজির করা যাবে।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়। মামলার এজাহারে র৵াবের কারও নাম না থাকলেও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিন সাবেক কর্মকর্তা এই খুনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন৷
এদিকে তদন্ত-সংশ্লিষ্ট দুই কর্মকর্তা নূর হোসেনকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দিতে নূর হোসেনের জন্য অপেক্ষায় থাকলে বিলম্ব হবে। বন্দিবিনিময় খুব সহজে হয়েছে, এমনটা অতীতে দেখা যায়নি। নূর হোসেনকে ছাড়া অভিযোগপত্র দিতে কোনো বাধা নেই।
একজন কর্মকর্তা বলেন, অপহরণ, খুন ও লাশ গুমের সঙ্গে যুক্ত র৵াব-১১-এর ১৮ জন সদস্যের নাম ও পরিচয় তাঁদের হাতে আছে। তবে এঁদের সবাইকে আসামি করা হবে না। কেননা, এঁদের বেশির ভাগই নিজ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ অনুসরণ করেছেন। তবে অবসরে পাঠানো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া র৵াবের তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন ও এম এম রানাকে আসামি করা হচ্ছে। র৵াবের বাইরে শুধু নূর হোসেনের সম্পৃক্ততার বিষয়ে তাঁদের কাছে তথ্যপ্রমাণ আছে। এজাহারভুক্ত অন্য আসামিদের জড়িত থাকার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ তাঁরা এখনো পাননি।
র৵াবের তিন কর্মকর্তার স্বীকারোক্তি, প্রত্যক্ষদর্শী, নূর হোসেনের দেহরক্ষী ও ঘনিষ্ঠজনদের স্বীকারোক্তিতে এখন পর্যন্ত ৩২ জনের নাম এসেছে। তবে এঁদের সবাই খুনের সঙ্গে জড়িত নন। বেশির ভাগই নূর হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে সুবিধা নিয়েছেন বলে স্বীকারোক্তিতে বলা হয়েছে। তবে ছয় কোটি টাকা নিয়ে খুনের যে কথা বলা হচ্ছে, তার কোনো প্রমাণ এখনো তাঁরা পাননি। আরিফ হোসেন নূর হোসেনের কাছ থেকে যে আর্থিক সুবিধা নিয়েছেন, সেই প্রমাণ রয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মামলার তদন্তে অগ্রগতি হলেও শিগগিরই অভিযোগপত্র দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে মামলার প্রধান আসামি কলকাতায় ধরা পড়ায় তাঁকে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করবেন তদন্তকারীরা। সবকিছু শনাক্ত করা হলেও মামলাটি নিয়ে কিছুটা ধীরে চলতে চান তদন্তকারীরা। তাঁদের সেভাবেই ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ তা ছাড়া এ ঘটনায় র৵াবের কিছু সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় মামলটিকে স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।
জানতে চাইলে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, র৵াবের সাবেক তিন কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও আছে। মামলাটি সঠিকভাবে তদন্ত করতে সবকিছুই করছে পুলিশ। তা ছাড়া নূর হোসেনকে ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে৷ গতকাল বেলা ১১টায় অত্যন্ত গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে জেলা কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়৷ এর আগে ৭ জুন মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়৷ জেলা কারাগারের দায়িত্বশীল একটি সূত্র তারেক সাঈদকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন৷