খুব শিগগির আদালতে তদন্ত প্রতিবেদন পেশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটির পুনঃ তদন্ত চলছে। খুব শিগগির এ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। তখনই প্রকৃত দোষী ব্যক্তিরা বের হয়ে পড়বেন।গতকাল শনিবার বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত সমিতির সভানেত্রী গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সাহারা খাতুন আরও বলেন, বিএনপি জোট সরকার জজ মিয়ার নাটক সাজিয়ে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির পুনঃ তদন্তের অনুমতি দেন।সাহারা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমিও আহত হয়েছিলাম। সে হামলায় ২৪ জনকে হত্যা করা হয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকাণ্ডের বিচার করেনি। বিদ্রূপ করে বলেছে, এ হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে। শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেই নাকি গ্রেনেড ছিল।’সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। আলোচনায় আইভি রহমানের মেয়ে বর্তমানে মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখ্ত্ বলেন, ‘আমাদের পরিবারে সবার একটাই প্রশ্ন, সেদিন আমার মাসহ ২৩ জনকে কেন হত্যা করা হলো? তাঁরা সেদিন রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেননি, শুধু রাজনৈতিক বিশ্বাসের সমর্থন জানাতে গিয়েছিলেন।’ সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, গ্রেনেড হামলায় আহত সাংসদ শাহিদা তারেখ, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের সদস্য সামন্তলাল সেন এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেদা খানম আইভি রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন।