খুমি আদিবাসীদের জন্য নির্মিত হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র
বান্দরবানের খুমি আদিবাসীদের সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার উন্নয়নের জন্য খুমি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শুক্রবার রোয়াংছড়ি উপজেলার লংতাং খুমিপাড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা ওই কেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করেন। জানা গেছে, বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় প্রায় দুই হাজার খুমি আদিবাসী বসবাস করেন। কিন্তু দুর্গম হওয়ার কারণে যে এলাকায় খুমি আদিবাসীরা বসবাস করেন সে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিছিয়েপড়া এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের জন্য জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের লংথাং খুমিপাড়ায় খুমি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। খুমি নেতা লেলুং খুমি জানান, তাঁরা যে এলাকায় বাস করেন সে এলাকায় কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তাই তাঁদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। খুমিদের মধ্যে এখনও স্নাতক ডিগ্রিপ্রাপ্ত কেউ নেই। এজন্য ১৫ লাখ টাকা ব্যয়ে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হলে সেখানে সংস্কৃতি চর্চার পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুমি নেতা তাইঅং খুমি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা। এতে সিয়ং খুমি, লেলুং খুমি, ঝিমিত চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, জেলা পরিষদ অনগ্রসর খুমি আদিবাসীদের শিক্ষার উন্নয়নের বিষয়টির ওপর গুরুত্ব দেবে। জেলা শহরে ও রুমা উপজেলা সদরে খুমি শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা হবে। বিশেষ অতিথি হ্লাথোয়াই হ্রী বলেন, নির্মাণ শেষে খুমি সাংস্কৃতিক কেন্দ্রকে ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হলে প্রয়োজনীয় সব আসবাবপত্র তিনি উপজেলা পরিষদ থেকে সরবরাহ করেন।