খুমী আদিবাসী নারীদের ধাত্রী প্রশিক্ষণ শুরু
বান্দরবানে শিশু ও মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে ২১ জন খুমী আদিবাসী নারীকে ১৪ দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ধাত্রী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।এ প্রশিক্ষণের মাধ্যমে যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম পাহাড়ে বসবাসরত খুমী আদিবাসীদের স্বাস্থ্যসেবার আওতায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। সকালে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যাই উইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন মংতেঝ রাখাইন, ইউএনডিপির খুশীরায় ত্রিপুরা, মা ও শিশুস্বাস্থ্যবিশেষজ্ঞ অংচালু।জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের লুসাইদের পর সবচেয়ে সংখ্যায় কম খুমী আদিবাসী বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বসবাস করে। তাদের সংখ্যা আড়াই হাজারেরও নিচে। যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম পাহাড়ের অরণ্যভূমিতে তাদের বসবাস বলে শিক্ষা-স্বাস্থ্যসহ সরকারি-বেসরকারি প্রায় সব সেবা থেকে তারা বঞ্চিত থাকে। উখ্যাই উই বলেছেন, খুমী আদিবাসী সমাজে প্রজনন-স্বাস্থ্যের একমাত্র সেবাদানকারী হলেন ধাত্রীরা। তাঁদের অক্ষরজ্ঞান ও স্বাস্থ্যসম্মত ধাত্রীসেবা সম্পর্কে কোনো ধারণা নেই। এ জন্য তাঁদের বান্দরবান সদর হাসপাতাল এবং মা ও শিশুকল্যাণকেন্দ্রে সন্তান জন্মদানের মৌলিক ধারণাগুলো হাতেকলমে শেখানো হবে।