খুরশিদ আলমের সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কৃতী সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলমের একক সংগীতানুষ্ঠান হয়েছে। সাংস্কৃতিক চর্চা বিকশিত ও শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় জেলার ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এর আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী।
এদিকে হাজারো নাট্যপ্রেমীদের অংশগ্রহণে সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিনব্যাপী নাট্যোৎসব গতকাল বুধবার শেষ হয়েছে।
গত মঙ্গলবার জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার শিল্পকলা একাডেমীতে রাত নয়টা পর্যন্ত চলা ‘কালের কণ্ঠস্বর’ শিরোনামের ওই সংগীতানুষ্ঠানে আয়োজনের সার্থকতা তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। শিল্পী খুরশিদ আলম বলেন, দেরিতে হলেও এ ধরনের উদ্যোগ শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুই ঘণ্টার অনুষ্ঠানের শুরুতেই শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে আমন্ত্রিত কণ্ঠশিল্পীর হাতে মানপত্র ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খুরশিদ আলম তাঁর জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।
শাহজাদপুরে নাট্যোৎসব: স্থানীয় নাট্য সংগঠন ‘বিবর্তন নাট্য গোষ্ঠী’ তার ২৫ বছর পূর্তি উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করে। উপজেলার ইব্রাহীম গার্লস হাইস্কুল চত্বরে আয়োজিত এ উৎসবের শেষ দিনে গতকাল বুধবার স্থানীয় ‘বিবর্তন নাট্য গোষ্ঠী’র কাজী শওকতের রচনা ও নির্দেশনায় বড়দের নাটক ‘কৃষক উপাখ্যান’ শিশুদের হাসির নাটক ‘তমিজ বেপারি’ পরিবেশন করা হয়।