খুরা রোগে ১০ গরুর মৃত্যু ঝুঁকিতে ১০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামে খুরা রোগে ১০টি গরুর মৃত্যু হয়েছে এবং আরও আড়াই শতাধিক গরু আক্রান্ত হয়েছে; ঝুঁকির মধ্যে রয়েছে কমপক্ষে ১০ হাজার গরু।ওয়ারিয়া গ্রামের ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম ও আরিজুল ইসলাম এবং তুজলপুর গ্রামের গিয়াস উদ্দীন জানান, এ রোগে আক্রান্ত গরুর পায়ের খুরের ভেতরে ঘা হয়। গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এর গায়ে প্রচণ্ড তাপ (জ্বর) হয়। মাথা ও গলা ফুলে যায়। মুখের ভেতরে ঘা হয়। মুখ দিয়ে লালা পড়ে। কিছু খায় না এবং হঠাৎ করে মারা যায়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া, তুজলপুর, ঝাউডাঙ্গা, গোবিন্দকাঠি, হাছিমপুর, পাথরঘাটা ও বিহারিনগর গ্রামে ব্যাপক হারে গরুর খুরা রোগ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি—২০০টি—গরু আক্রান্ত হয়েছে ওয়ারিয়া গ্রামে। এ ছাড়া তুজলপুর, হাছিমপুর, পাথরঘাটা, ঝাউডাঙ্গা, বিহারিনগর ও গোবিন্দকাঠি গ্রামে ৫০টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে।ইতিমধ্যে তুজলপুর গ্রামের আলতাফ হোসেন, গোবিন্দকাঠি গ্রামের কেস্ট সরকার, ঝাউডাঙ্গা গ্রামের মোহমঞ্চদ আলী ও ওয়ারিয়া গ্রামের আক্তারের একটি করে গরু মারা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত খুরা রোগে ১০টি গরু মারা গেছে।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওয়ারিয়া গ্রামের রজ বিশ্বাস বলেন, ‘আমার গ্রামে প্রায় এক মাস আগে এ রোগ দেখা দিয়েছে। শুধু এ গ্রামে দুই শতাধিক গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। দিন দিন আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। সবাই গ্রাম্য পশুচিকিৎসক দিয়ে গরুর চিকিৎসা করাচ্ছেন। গরুপ্রতি এক থেকে তিন হাজার পর্যন্ত টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। রোগাক্রান্ত গরুর সংখ্যাও কমছে না। কমপক্ষে ১০ হাজার গরু ঝুঁকির মধ্যে রয়েছে। এতে করে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।’সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন বলেন, ‘খুরা রোগে গরু আক্রান্ত হয়েছে—এ খবর আমার জানা নেই। এ ছাড়া আমাদের অফিসে খুরা রোগের কোনো টিকা নেই। আক্রান্ত গরুর মালিকেরা অফিসে এলে তাঁদের পরামর্শ দেওয়া হবে।’সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কুমার সরকার বলেন, ‘খুরা রোগে গরু মারা গেছে—এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। তবে অফিসে ভ্যাকসিন-সংকট থাকলেও ইতিমধ্যে রোগাক্রান্ত এলাকায় চিকিৎসক দল পাঠানো হয়েছে।’