খুরারোগে এক মাসে শতাধিক গরুর মৃত্যু
ভারত থেকে অবৈধ পথে রোগাক্রান্ত গরু আসার ফলে গত এক মাসে পঞ্চগড় পৌর এলাকায় শতাধিক গরু মারা গেছে বলে অভিযোগ করেছেন খামারিরা। তবে প্রাণিসম্পদ বিভাগ বলছে পৌরসভাসহ সদর উপজেলায় মৃত গরুর সংখ্যা ৬০টি। খুরারোগ নামের রোগটি ছড়িয়ে পড়ছে খামার ও কৃষকের গোয়ালঘরে।
পরিস্থিতি দেখতে গতকাল শনিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) প্রদীপ কুমার দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পঞ্চগড় সফরে এসেছে।
পৌর এলাকার জালাশী, কামাতপাড়াসহ কয়েকটি এলাকার খামারিদের সূত্রে জানা গেছে, করিডর দিয়ে ভারত থেকে গরু আসা বন্ধ হলেও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তপথ দিয়ে এখনো ভারতীয় রোগাক্রান্ত গরু আসছে। এসব গরু খামারের গরুর সঙ্গে রাখায় সুস্থ গরুও খুরারোগে আক্রান্ত হচ্ছে। শীতের কারণে এ রোগের প্রাদুর্ভাব আরও বেড়েছে। তাঁরা অভিযোগ করেন, পৌর এলাকার নিবন্ধিত খামারের শতাধিক গরু মারা গেছে। আক্রান্ত হয়ে পড়ে আছে আরও কয়েক শ গরু। গত এক সপ্তাহের মধ্যে শহরের জালাশী এলাকার রাসেলের একটি বিদেশি গাভি মারা গেছে। তুলারডাঙ্গা গ্রামের জয়নালের বাছুরসহ একটি গাভি মারা গেছে। কামাতপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের দুটি বিদেশি গাভি মারা গেছে। কায়েতপাড়া গ্রামের একরামুল হকের তিনটি বিদেশি গাভি মারা গেছে গত ২০ দিনে।
কয়েকজন খামারি বলেন, শুরুতে গরুর মুখ দিয়ে লালা ঝরে মুখ ফুলে যাচ্ছে। খুরারোগে আক্রান্ত হওয়ার পর গরুগুলো চিবিয়ে কিছু খেতে পারে না। তরল জাতীয় খাবার মুখে ঢেলে দিতে হয়। প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা আক্রান্ত গরু দেখে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছে। সে অনুযায়ী ওষুধ বাজার থেকে কিনে নিয়ে খাওয়ালেও কোনো কাজে আসছে না। আক্রান্ত হওয়ার দু-তিন দিনের মধ্যে গরু মারা যাচ্ছে।
কায়েতপাড়ার খামারি একরামুল হকের বাসায় গিয়ে দেখা গেছে, খামারে ২০টি বিদেশি জাতের গাভি ছিল। গত ২০ দিনে তিনটি গাভি ও একটি বাছুর মারা গেছে। বাধ্য হয়ে বাকি গাভিগুলোও বিক্রি করে দিয়েছেন তিনি।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল হক বলেন, খুরারোগে মারা যাওয়ার সঠিক পরিসংখ্যান নেই। ৬০টি গরু মারা যাওয়ার খবর পেয়েছেন তাঁরা। ভারত থেকে চোরাপথে পা এবং মুখ (এফএমডি) ভাইরাসে আক্রান্ত গরু পঞ্চগড়ে আসায় খুরারোগের প্রাদুর্ভাব ঘটেছে। এই ভাইরাসটি ছোঁয়াছে। তিনি আরও বলেন, ‘আমরা আক্রান্ত গরু সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আক্রান্ত হওয়ার আগেই খুরারোগের ভ্যাকসিন দিতে হয়। তাহলে আর গবাদিপশু খুরারোগে আক্রান্ত হয় না। আজ ১৬টি ভ্যাকসিন পেয়েছি। ১৯২টি গরুকে দেওয়া যাবে। আরও ভ্যাকসিন আসছে।’