খুরারোগে শতাধিক গরু আক্রান্ত, মারা গেছে ১০টি
বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাপক হারে গরুর খুরারোগ দেখা দিয়েছে। গত তিন সপ্তাহে উপজেলায় এ রোগে শতাধিক গরু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০টি গরু মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগে খুরারোগে আক্রান্ত গরুর ওষুধ সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন খামারি ও মৌসুমি গরু ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে গরুর এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
এবার ভারত থেকে গরুর আমদানি না হওয়ায় কোরবানির আগে গরুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ আগাম গরু কিনছে। হাট থেকে গরু কিনে বিপদে পড়ছেন বেশির ভাগ মানুষ।
উপজেলার তিষীগাড়ি এলাকার নান্টু মণ্ডল বলেন, ‘আমার মহাজন কোরবানির জন্য গত এক সপ্তাহ আগে ধাপসুলতানগঞ্জ হাট থেকে দুটি গরু ৭০ হাজার টাকা দিয়ে কিনেছেন। হাটে গরুর তেমন অসুবিধা দেখা দেয়নি। তবে তিন দিনের মাথায় প্রথমে একটি গরুর পা ও মুখে খুরারোগ দেখা দেয়। পরে আরেকটি গরুও ওই রোগে আক্রান্ত হয়। কয়েক দিন চিকিৎসার পর একটি গরু মারা গেছে।’
উপজেলার সিংড়া গ্রামের খোকা প্রামাণিক বলেন, এবার কোরবানির আগে গরুর দাম বাড়তে পারে, এ আশঙ্কায় গত সপ্তাহে ৪৫ হাজার টাকায় একটি গরু কিনলে দুই দিনের মাথায় খুরারোগ দেখা দেয়। কয়েক দিন চিকিৎসা করার পরও গরুটি বাঁচানো যায়নি।
এ উপজেলার পল্লি চিকিৎসক জালাল হোসেন বলেন, গত কয়েক দিনে তিনি ৩০-৩২টি গরুর চিকিৎসা দিয়েছেন। হাটে ওঠানো গরু এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তবে চিকিৎসা দেওয়ার পর কয়েকটি গরু ভালো হয়েছে।
উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের মৌসুমি গরুর খামারি বাবু সরদার বলেন, তিনি প্রতিবছর কোরবানির জন্য আট-দশটি গরু পালন করেন। কয়েক মাস পালনের পর গরুগুলো কোরবানির আগে বিক্রি করেন। এবার তাঁর ছয়টি গরুর খুরারোগ দেখা দিয়েছে। এখনো সেরে ওঠেনি। কোরবানির আগে গরুর রোগ না সারলে এবার লোকসানে পড়তে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘কোরবানির আগে গরুর খুরারোগের প্রাদুর্ভাব হয়। এর কারণ, ব্যাপারীরা বিভিন্ন হাট থেকে গরু কেনা-বেচা করার সময় রোগটি ছড়িয়ে পড়ে। এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এ রোগে আক্রান্ত গরুর পা ও মুখে ঘা হয়। মুখে দ্রুত ঘা ছড়িয়ে লালা পড়ে। গরু খেতে পারে না। এরপর গোটা শরীরে ঘা দেখা দেয়।
গোলাম মোস্তফা আরও বলেন, গরু কেনা-বেচার আগে প্রতিষেধক টিকা দেওয়া হলে এ রোগ হয় না। ছোট গরু এ রোগে আক্রান্ত হলে বাঁচানো যায় না। এ রোগে আক্রান্ত গরুকে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক ইনজেকশন দিয়ে সুস্থ করা যায়। হাসপাতালে ওষুধের সরবরাহ কম ও লোকবলের ঘাটতি থাকায় গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া সম্ভব হয় না।