কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৩০ মার্চ মাঠ দিবস পালিত হয়েছে। এডিপি-ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক এ কে এম শাহরীয়ার।
বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা এনায়েত ই রাব্বি, খুরুশকূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম, এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কৃষি কর্মকর্তা মানিক লাল সরকার, সমাজসেবক জসীম উদ্দিন, কাজী দিদারুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন খুরুশকূলের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর মাবুদ।
সভায় ১৪ সপ্তাহের প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন কিষান-কিষানিকে বেগুনচারা প্রদর্শনী প্লট পরিদর্শন করানো হয়। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, উপকারী পোকা রক্ষা ও ক্ষতিকর পোকা দমনের জন্য জৈব বালাইনাশকের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে কৃষকদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।