খুলনা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদ্রোহের ঘটনায় করা তিনটি মামলায় গতকাল সোমবার ১২১ জন জওয়ানের বিচার শুরু হয়েছে। এদিকে খাগড়াছড়িতে ৪৭ জওয়ানের বিরুদ্ধে করা মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে। আমাদের খুলনা অফিস এবং বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো খবর:খুলনা: গতকাল সকালে ২৩ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১২-এর প্রথম কার্যদিবসে এই ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৫৯ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন বাদী সুবেদার মেজর জালাল আহম্মেদ। তাঁদের মধ্যে ৩৬ জন বিদ্রোহের ঘটনায় অন্য একটি মামলায় খুলনা জেলা কারাগারে আটক আছেন। তাঁদের প্রত্যেককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির বিদ্রোহের মামলায় ২৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন বাদী নায়েক সুবেদার মো. আবুল কালাম। এই ২৭ জনের মধ্যে ১১ জন খুলনা জেলা কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। আসামিদের মধ্যে দুজন সুবেদার, পাঁচজন নায়েব সুবেদার, ১৪ জন হাবিলদার, নয়জন নায়েক, আটজন ল্যান্সনায়েক, একজন সিগনালম্যান, একজন সুবেদার সহকারী ও ৪৬ জন সিপাই। দুটি মামলায় উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে আসামিদের কাছে অভিযোগনামার অনুলিপি গতকালের মধ্যেই পৌঁছে দেওয়ার এবং আজ মঙ্গলবার আসামিদের আবার হাজির করার নির্দেশ দেন আদালত।বান্দরবান: নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের মামলায় গতকাল চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বিডিআরের প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএস) স্থাপিত বিশেষ আদালত-১৬-তে ৩৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। মামলার বাদী ১৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার আবদুর রশিদ এই অভিযোগ উত্থাপন করেন। চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতি ছিলেন বিডিআরের রাঙামাটি সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম। আদালত অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী ৩৪ আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বাইরে থাকা সিপাই বিল্লাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের আজ সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার কৌঁসুলি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আজম বলেন, আসামিরা ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন সদর দপ্তরে তাণ্ডব চালিয়েছেন। সুযোগ পেলে তাঁরা পিলখানার চেয়েও বড় হত্যাযজ্ঞ ঘটাতে পারতেন। এ জন্য তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। খাগড়াছড়ি: খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল সকালে ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জন জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে করা মামলার শুনানি হয়েছে। বিশেষ আদালতের দ্বিতীয় কার্যদিবসের শুরুতেই গতকাল বিচারক প্যানেলের সভাপতি চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান আসামিদের কাছে জানতে চান, তাঁরা আইন অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না। এ সময় আসামি সিপাই কল্যাণ চন্দ্র রায় বলেন, তিনি ঠিকমতো বেতন পাচ্ছেন না। নিয়ম অনুযায়ী আসামিদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার এবং এ বিষয়ে আদালতকে জানানোর জন্য আদালত কৌঁসুলিকে নির্দেশ দেন। এরপর আদালত কৌঁসুলিকে গত বছর ২৬ ফেব্রুয়ারিতে সংঘটিত বিদ্রোহের বিষয়ে বক্তব্য উপস্থাপন করার নির্দেশ দেন। কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দেন। শুনানি শেষে আদালত ৫ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। খুলনা, বান্দরবান, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে বিডিআর সদস্যরা ওই বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।