খুলনা অঞ্চলের আয়কর মেলা শুরু বুধবার
খুলনা অঞ্চলের আয়কর মেলা শুরু হবে আগামী বুধবার। নয়টি জেলা শহর ও ছয়টি উপজেলা সদরে এ মেলা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরে মেলা চলবে সাত দিন। আর জেলা ও উপজেলায় হবে চার দিন করে।
গতকাল রোববার কর অঞ্চল-খুলনা, কর কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় আয়কর দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কর অঞ্চল খুলনা। এ বছর ৩৩ জন সর্বোচ্চ কর প্রদানকারী ও ২২ জন দীর্ঘমেয়াদি কর প্রদানকারীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।
বিভাগীয় শহরের মেলা হবে খুলনা নগরের খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি তিতুমীরের ফেয়ারওয়ে হলে। ২০১৫-১৬ অর্থবছরে খুলনা কর অঞ্চল থেকে বাজেট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১২০ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছিল ৯৩৭ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা বলেন, আয়কর প্রদান সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ মেলা। মেলায় রেজিস্ট্রেশন, কাস্টমস ও ব্যাংকিংসহ সব সুবিধা পাবেন আয়কর দাতারা।