খুলনা অঞ্চলের উত্সব আজ
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সবের খুলনা অঞ্চলের উত্সব আজ শুক্রবার। সকাল নয়টায় খুলনা জিলা স্কুলের মাঠে এ উত্সব শুরু হবে। উত্সবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ ও গোপালগঞ্জের ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ উত্সবে এবারও পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আর এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। খুলনা জিলা স্কুলের মাঠে গণিত উত্সবের উদ্বোধন ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করবেন স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম। জাতীয় পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করবেন যথাক্রমে খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম ও ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মো. মনজুরুল আলম। উত্সবের উদ্বোধন শেষে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে অংশ নেওয়া শিক্ষার্থীদের সোয়া এক ঘণ্টার মূল্যায়ন পরীক্ষা হবে। মূল্যায়ন শেষে জিলা স্কুলের মাঠে খোলা মঞ্চে কুইজ ও গণিত-বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে। সব শেষে প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। বরিশাল অঞ্চলের উত্সব কালআমাদের বরিশাল অফিস জানায়, কাল শনিবার বরিশাল অঞ্চলের উত্সব হবে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। উত্সবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১০০ প্রতিযোগী অংশ নেবে।