খুলনা অঞ্চলের জলাশয় ও বন সংরক্ষণের আহ্বান
খুলনা অঞ্চলের জলাশয়, মাঠ, নদী-খাল ও বন সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার শহরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ শীর্ষক এ সমাবেশে বক্তারা বলেন, কৃষিজমি, খেলার মাঠ, জলাশয়, বন সংরক্ষণের কথা একদিকে বলা হচ্ছে, অন্যদিকে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। এই দ্বিমুখী আচরণ বর্জন করতে হবে। এগুলো সংরক্ষণে ঐক্য গড়ে তুলতে হবে। তাঁরা আরও বলেন, নদীগুলো দিনে দিনে প্রবাহ হারাচ্ছে। পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। মাঠগুলো আবাসন প্রকল্পের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। যেটুকু অবশিষ্ট জলাশয় আছে, তা-ও ইজারার আওতায় নিয়ে মানুষকে অধিকারবঞ্চিত করা হচ্ছে। এই অঞ্চলের পরিবেশ সুরক্ষার স্বার্থে জরুরিভাবে পরিবেশ বিধ্বংসী এই অপতৎপরতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা তাঁদের বক্তব্যে সুন্দরবন ও বন্য প্রাণী সংরক্ষণে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি পুনর্বিবেচনা এবং সব পরিবেশ বিধ্বংসী প্রকল্প প্রত্যাহারের দাবি জানান।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং বাপার খুলনার সমন্বয়কারী এম বাবুল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে সূচনা বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান।