খুলনা আ.লীগের গুলিবিদ্ধ প্রচার সম্পাদকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের গুলিবিদ্ধ প্রচার ও প্রকাশনা সম্পাদক হালিম গাজী মারা গেছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বিএসএমএমইউর চিকিৎসকেরা হালিমের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (লাইফ সাপোর্ট) খুলে ফেলেন। রাত ১২টা ৪০ মিনিটে চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে হালিম গাজীকে মৃত ঘোষণা করেন। মুন্সি মাহাবুবুল আলম আরও জানান, বুধবার (গতকাল) সন্ধ্যা সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে হালিম গাজীর জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় উপজেলার স্টার জুট মিলে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হালিম গাজীর মরদেহ তাঁর গ্রামের বাড়ি চন্দনীমহল গাজীপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আওয়ামী লীগের নেতা হালিম গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পদক এস এম মোস্তফা রশিদী, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রমুখ।দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান গতকাল বিকেলে জানান, গত সোমবার রাতে হালিম গাজীর স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।দীঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে গত রোববার হালিম গাজী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। একই ঘটনায় তাঁর মোটরসাইকেলের চালক নুরু গাজী গুলিবিদ্ধ এবং ইউপি সদস্য আকবর সরদার আহত হন।